ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই অধিনায়কের সাহসী সিদ্ধান্তের পরও পোর্ট অব স্পেন টেস্টের শেষ কথা হয়ে থাকলো বৃষ্টি। দ্বিতীয় টেস্ট শেষ পর্যন্ত নি®প্রাণ ড্র হওয়ায় ফ্রাঙ্ক ওরেল ট্রফি ধরে রাখলো অস্ট্রেলিয়া।
কেনসিংটন ওভালে প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সোমবার রৌসেউতে শেষ টেস্টে মাঠে নামবে দুই দল।
মধ্যাহ্ন বিরতির পরপরই ৮ উইকেটে ১৬০ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। সিরিজে সমতা ফেরাতে তিন নম্বরে ব্যাট করতে নামেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। কিন্তু দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে বৃষ্টি নামলে রোমাঞ্চকর সমাপ্তির সম্ভাবনা সেখানেই শেষ হয়ে যায়।
জয়ের জন্য ৫৯ ওভারে ২১৫ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। বেন হিলফেনহসের জোড়া আঘতে ১৩ রানেই সাজঘরের পথ ধরেন ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান।
শুরু থেকেই স্যামির আক্রমণাত্মক ব্যাটিং জয়ের আশা জাগিয়ে তুলে স্বাগতিক শিবিরে। ২৬ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ রান করেন স্যামি। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট ৫৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে টেস্টে ৩ উইকেটে ৭৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক খুব সতর্কতার সঙ্গে অতিথিদের লিড বাড়িয়ে নিতে থাকেন।
ফিদেল এডওয়ার্ডসের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে কাইরন পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে পন্টিং (৪১) সাজঘরের পথ ধরলে দিনের প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ৯৩ রানে পন্টিংয়ের বিদায়ে উজ্জীবীত হয়ে উঠে স্বাগতিকরা।
দুই রান পরেই ফিরতি ক্যাচ ধরে স্যামি ক্লার্ককে (১৫) সাজঘরে ফেরত পাঠালে ৯৫ রানেই প্রথম ৫ ব্যাটসম্যানকে হারায় অস্ট্রেলিয়া।
ষষ্ঠ উইকেটে মাইক হাসির (২৪) সঙ্গে ম্যাথু ওয়েডের ৫০ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ভালো অবস্থানের দিকে নিয়ে যায় অতিথিদের। হাসিকে বোল্ড করে অতিথিদের রান তোলার গতিতে রাশ টানেন কেমার রোচ। সেই ওভারের শেষ বলে হিলফেনহসকে বোল্ড করে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন রোচ। এই প্রথম টেস্টে ১০ উইকেট নিলেন রোচ।
ওয়েড অপরাজিত থাকেন ৩১ রানে।
৪১ রানে ৫ উইকেট নিয়ে রোচই ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩১১ ও ১৬০/৮ (কাওয়ান ২০, ওয়ার্নার ১৭, ওয়াটসন ০, পন্টিং ৪১, ক্লার্ক ১৫, হাসি ২৪, ওয়েড ৩১*, হিলফেনহস ০, লিয়ন ৩; রোচ ৫/৪১, স্যামি ১/১৭, ফিদেল ১/২৮, শিলিংফোর্ড ১/৫৫)
ওয়েস্ট ইন্ডিজ: ২৫৭ ও ৫৩/৩ (বারাথ ৫, পাওয়েল ৪, স্যামি ৩০*, ব্রাভো ৮*; হিলফেনহস ২/২২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮৩৮ ঘ.
bdnews24