২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বিসিবি

পাকিস্তান সফরের ওপরে হাইকোর্টের চার সপ্তাহের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান সফরের ওপরে হাইকোর্টের চার সপ্তাহের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, “আপিলের ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। বিসিবির সভাতেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।” আইসিসির নির্বাহী কমিটির সভায় বিসিবি ও পিসিবি এপ্রিলের শেষ সপ্তাহে পাকিস্তান সফরের ঘোষণা দেয়। সেই ঘোষণা অনুযায়ী ২৮ এপ্রিল থেকে ১ মার্চ পাকিস্তান সফরের কথা ছিল বাংলাদেশ দলের। হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে সেই সময়ে সফর সম্ভব হবে না বলে জানিয়েছে বিসিবি। বৃহস্পতিবার রাতে বিসিবির পাঠানো ই-মেইলে জানানো হয়, “পাকিস্তান সফরের ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে নির্ধারিত সময়ে (২৮ এপ্রিল থেকে ১ মার্চ) সফর সম্ভব নয়। এ ব্যাপারে পিসিবি ও আইসিসির সঙ্গে যোগাযোগ করছে বিসিবি।” পরবর্তী কার্য দিবসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির একজন করে প্রতিনিধিকে উপস্থিত হতে হাইকোর্ট আদেশ দিয়েছেন। এ সম্পর্কেও কিছু বলতে রাজি হননি নিজামউদ্দিন। তিনি বলেন, “পাকিস্তান আর আইসিসি সব তথ্যই জানে। শুক্র ও শনিবার সরকারী ছুটি ও রোববারের হরতালের কারণে সোমবারের আগে এ ব্যাপারে কিছু বলা সম্ভব হচ্ছে না।” “এর আগে বিসিবি জরুরি সভা ডেকেছে। সেই সভাতেই পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। এই সভায় বিসিবির আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল মেহেদী চৌধুরী উপস্থিত থাকবেন,” যোগ করেন তিনি। বৃহস্পতিবার মহিলা ক্রিকেটারদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালও পাকিস্তান সফর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রিট না হলে কী হতো বা আদালত রিটের পক্ষে রায় দেয়ায় কী হবে জানতে চাইলে তিনি বলেন, “দয়া করে পাকিস্তান সফর নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না। এ ব্যাপারে আমি কিছু বলবো না।” “যেহেতু আদালতে রিট হয়েছে তাই এ ব্যাপারে কোনো কথা বলা ঠিক হবে বলে আমার মনে হয় না। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এ ব্যাপারে আমি কোনো প্রশ্নের জবাব দেবো না,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১২ ঘ.