ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার আইপিএলের প্রথম ম্যাচে ডেকান চার্জার্সকে নাটকীয়ভাবে ২ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রাজস্থানকে ৬২ রানের ভালো সূচনা এনে দেন অধিনায়ক রাহুল দ্রাবিড় (২৪ বলে ৪২) ও টুর্নামেন্টে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক আজিঙ্কা রাহানে (৩১ বলে ৪৪)।
কিন্তু এ দুজনের বিদায়ের পর রান তোলার গতি ধীর হয়ে পড়ায় চাপে পড়ে যায় স্বাগতিকরা। শেষ ৪ ওভারে প্রয়োজন ছিলো ৫৫ রান।
ঠিক তখনই জ্বলে ওঠেন ব্র্যাড হজ। ম্যাচ সেরা নির্বাচিত হজের ২১ বলে অপরাজিত ৪৮ রানই জয় এনে দেয় রাজস্থানকে।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা ডেকানকেও দারুণ সূচনা এনে দেন কুমার সাঙ্গাকারা ও শিখর ধাওয়ান। ১০ ওভার ৪ বল স্থায়ী উদ্বোধনী জুটিতে দুজনের অবদান ৯৪ রান। এবারের আইপিএলে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি।
অধিনায়ক সাঙ্গাকারার ব্যাট থেকে ৩২ বলে আসে ৪৪ রান। ৪৩ বল খেলা ধাওয়ানের অবদান ৫২ রান।
এ দুজন ফিরে গেলেও ডেকানের রানের স্রোত থেমে যায়নি। ড্যানিয়েল ক্রিস্টিয়ান ও জেপি ডুমিনির ঝড়ো ব্যাটিং দু শর কাছাকাছি পৌঁছে দেয় ডেকানকে।
১৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্রিস্টিয়ান। ডুমিনির তান্ডব অবশ্য আরো বেশি। মাত্র ২৬ বলে ৫টি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থেকে যান দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটসম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৫ ঘ.
bdnews24