ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাকিস্তান সফরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে জাতীয় ক্রিকেট দলের একদল সমর্থক।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের একটি গ্র“প ‘সে নো টু পাকিস্তান ট্যুর, সে নো টু লোটাস কামাল’ এর সদস্যরা।
এ সময় তারা জুতা হাতে প্রতিবাদ জানান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, ‘টাইগারদের লাশ দেখতে চাই না’, ‘পাকিস্তান যাসনে বাছা, পাকিস্তান যাসনে’, ‘পাকিস্তান এক মৃত্যুপুরি, পাকিস্তান কোনো দেশ না’, ‘এক দফা এক দাবি, লোটাস তুই কবে যাবি’ ইত্যাদি।
আয়োজকরা বলছেন, ক্রিকেট দলের পাকিস্তান সফরের সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই এ কর্মসূচি।
এ সময় প্রতিবাদকারীদের একজন অমি রহমান পিয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাকিস্তানের অস্থীতিশীল পরিবেশের কারণে কোনো ক্রিকেট দলই সেখানে যেতে চায় না। আমাদের ছেলেরা সেখানে খেলতে গেলে তাদের নিরাপত্তা কে দেবে।”
পাকিস্তান সফরের সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামালের ভূমিকার তীব্র সমালোচনাও করেন তিনি।
প্রতিবাদকারীদের আরেকজন ডা. সেলিনা মওলা বলেন, “পাকিস্তানে সে দেশের জনগনই নিরাপদ নয়, সেখানে তারা আমাদের ছেলেদের নিরাপত্তা কিভাবে দেবে।”
গত রোববার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাহী কমিটির বৈঠকে বিসিবি ও পিসিবি বাংলাদেশের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করে। এর পরপরই এ নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৪২৩ ঘ.
bdnews24