২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার লিগের বদলে জাতীয় লিগ শুরুর ঘোষণা!

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জট এখনো খোলেনি। বরং সুপার লিগ শুরু না করে থেমে থাকা জাতীয় লিগ শুরু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জট এখনো খোলেনি। বরং সুপার লিগ শুরু না করে থেমে থাকা জাতীয় লিগ শুরু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের ছাড়পত্র জটিলতায় গত ২৮ মার্চ থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে আছে সুপার লিগ। সমস্যার সমাধানে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বিসিবি। তবে তাতে কোনো সমাধান আসেনি। বরং ভিক্টোরিয়া ছাড়া সুপার লিগের অন্য পাঁচটি দল একজোট হয়ে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ভেঙ্গে নতুন কমিটি গড়াসহ আরো তিনটি দাবি জানিয়েছে। তবে আগামী ২০ এপ্রিল থেকে জাতীয় লিগের শেষ পর্বের খেলা শুরু হতে যাচ্ছে বলে ক্লাবগুলোর দাবিকে এড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে বিসিবি। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় কবে থেকে সুপার লিগ শুরু হচ্ছে। জবাবে নিজামউদ্দিন বলেন, “বিসিবির পরিচালকরা বেশ কিছু দিন ধরেই সুপার লিগ শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছেন। সমস্যার সমাধান হতে আরো কিছু দিন সময় লাগবে।” “এই বিষয়ে আইনী তদন্ত চলছে। আইন বিশেষজ্ঞদের মতামতের পরই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। তবে বিসিবি জাতীয় লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ২০ এপ্রিল থেকে জাতীয় লিগ শুরু হবে,” যোগ করেন তিনি। বিসিবির টুর্নামেন্ট কমিটিকে জাতীয় লিগ শুরু করার দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান নিজামউদ্দিন। বিসিবির ঘোষণা অনুযায়ী ২০ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেট বিভাগের মুখোমুখি হবে রাজশাহী বিভাগ। ঐ দিনই ফতুল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ খুলনা বিভাগ। ৯ ম্যাচ শেষে ১০২.৮৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে খুলনা। ৯৫.৫২ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই সিলেটের অবস্থান। তৃতীয় রাজশাহীর পয়েন্ট ৯৩.৯৮ এবং চতুর্থ ঢাকা মেট্রোর ৮৭.৪৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০৬ ঘ.