ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অজিঙ্কিয়া রাহানের শতকের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই ৫৯ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। পাঁচ খেলায় এটি রাজস্থানের তৃতীয় জয় অন্য দিকে চার খেলায় ব্যাঙ্গালোরের তৃতীয় হার।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৯৫ রান করে রাজস্থান রয়্যালস। জবাবে ১৯ ওভার ৫ বলে ১৩৬ রানে অলআউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস গেইলের (৮) সঙ্গে মায়াঙ্ক আগারওয়ালের (৩৪) ৪২ রানের উদ্বোধনী জুটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ভালো সূচনা এনে দেয়। পঞ্চম ওভারে তিন বলের ব্যাবধানে পঙ্কজ সিং দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে বিদায় করলে দিক হারায় দলটি।
এর পর বিরাট কোহলি (২২), সৌরভ তিওয়ারী (১৭) ও মোহাম্মদ কাইফ (১৩) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল।
২৩ রানে ৪ উইকেট নিয়ে সিদ্ধার্থ ত্রিবেদী রাজস্থান রয়্যালসের সেরা বোলার।
এর আগে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের (২৫) সঙ্গে রাহানের উদ্বোধনী জুটি সতর্ক সূচনা এনে দেয় রাজস্থানকে। প্রতিপক্ষ অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে দ্রাবিড় বিদায় নেয়ার আগে ১০ ওভার ২ বলে ৬২ রান করে এই জুটি।
দ্বিতীয় উইকেটে শুরুতে একটু সাবধানী াকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেন রাহানে ও ওয়াইজ শাহ। ৮ ওভার ২ বলে ১২১ রানের জুটি গড়েন তারা। ১৯ তম ওভারের চর্তু বলে সাজঘরের পথ ধরার আগে ৫টি করে চার ও ছক্কার সাহায্যে মাত্র ২৬ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন শাহ।
শেষ ওভারে শতক তুলে নেয়া রাহানে অপরাজিত থাকেন ১০৩ রানে। টুর্নামেন্টে এটিই প্রথম শতক। রাহানে তার ৬০ বলের ইনিংসটি সাজান ১২টি চার ও ৫টি ছক্কায়।
জহির খান (৪ ওভারে ১/১৫) ও ভেট্টরির (৪ ওভারে ১/২০) হিসেবী বোলিংয়ের পরও শেষ ৭ ওভারে ১১৩ রান তুলে নিয়ে রানের পাহাড় গড়ে অতিথিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৭ ঘ.
bdnews24