২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ রানে হার কলকাতা নাইট রাইডার্সের

রোববার আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে নাটকীয়ভাবে ২ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে মানদীপ সিংয়ের উইকেট নিলেও ব্যাট হাতে ৪ রানের বেশি করতে পারেননি সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে নাটকীয়ভাবে ২ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে মানদীপ সিংয়ের উইকেট নিলেও ব্যাট হাতে ৪ রানের বেশি করতে পারেননি সাকিব আল হাসান। কলকাতার এটি তৃতীয় হার। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিকে ৪ ম্যাচে দ্বিতীয় জয়ের সুবাদে পাঞ্জাবের পয়েন্ট ৪। কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাবকে (১৩৪/৯) বেঁধে রাখতে সবচেয়ে বড় ভূমিকা সুনীল নারায়ণের। মাত্র ১৯ রানে ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই অফস্পিনার। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। ১৪ রানে রজত ভাটিয়ার শিকার দুটি। ৩৮ করা মানদীপ সিং অতিথিদের সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান এসেছে ডেভিড হাসির ব্যাট থেকে। জবাবে শুরুতে জ্যাক ক্যালিসকে (১) হারালেও অধিনায়ক গৌতম গম্ভীর (২২), মানভিন্দার বিসলা (২৭) ও মনোজ তিওয়ারির (২০) দৃঢ়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো কলকাতা। তবে ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। সাকিব স্লগ-সুইপ করতে গিয়ে লেগস্পিনার পীযূষ চাওলাকে ফিরতি ক্যাচ দিলে স্কোর দাঁড়ায় ৮৮/৬। সেখান থেকে দেবব্রত দাসকে নিয়ে ঘুরে দাঁড়ান রায়ান টেন ডোসকাটে। দুজনের ৪০ রানের জুটি লক্ষ্যের কাছাকাছি পৌঁছে দিলেও জিততে পারেনি কলকাতা। হারমিত সিংয়ের করা শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। তৃতীয় বলে ডোসকাটে (১১) বোল্ড হয়ে গেলে উল্লাসে মেতে ওঠে পাঞ্জাব। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি কলকাতা। ২৩ বলে ৩৫ রান করে অপরাজিত থাকলেও হতাশা নিয়েই ফিরতে হয় দেবব্রত দাসকে। ১৮ রানে ৩ উইকেট নিয়ে চাওলা পাঞ্জাবের সেরা বোলার। ২৪ রানে ২ উইকেট নেন ভার্গব ভাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০২৬ ঘ.