ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চার দফা দাবি না মানলে প্রয়োজনে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে সুপার লিগের ক্লাবগুলো।
এ ব্যাপারে মোহামেডানের সম্পাদক লোকমান হোসেন ভূইয়া এবং আবাহনীর ক্রিকেট কমিটির যুুগ্ম সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বলেন, দাবি মানা না হলে আদালতের দ্বারস্থ হবেন তারা।
এ সময় মল্লিক বলেন, “আমাদের চার দফা দাবি না মানার মতো কিছু নয়। তাদের কর্মকাণ্ডের কারণেই কঠোর শাস্তি সিসিডিমের প্রাপ্য। এই সিসিডিএমের অধীনে খেলা সম্ভব নয়।”
“এখানে যারা আছে তারা অযোগ্য লোক। বিসিবি আমাদের দাবি মেনে না নিলে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি,” যোগ করেন তিনি।
ক্রিকেটকে বাঁচাতে প্রয়োাজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবেন বলেও জানান মল্লিক।
মল্লিকের বক্তব্যে সমর্থন করে লোকমান বলেন, “আমরা সকলেই যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।”
চার দাবি হচ্ছে, ১৩ এপ্রিলের বদলে ১৭ এপ্রিল থেকে লিগ শুরু। সিসিডিএম ভেঙ্গে নতুন কমিটি গঠন। দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি এবং ভিক্টোরিয়ার বিপক্ষে সুপার লিগের ঐ ম্যাচের পয়েন্ট আবাহনীকে দেয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৩৪ ঘ.
bdnews24