ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলে খেলতে ভারতের ভিসার অপেক্ষায় আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। জন্মগতভাবে পাকিস্তানী হলেও বর্তমানে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় এবারের আইপিএলের নিলামে ২ লক্ষ ডলারে তাকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
পাঞ্জাব দলের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার পর বিশ্রামে রয়েছেন মেহমুদ। তবে পাঞ্জাবের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট নিশ্চিত করেছেন, ভিসা না পাওয়ার জন্যই ভারতে আসতে পারছেন না মেহমুদ। প্রসঙ্গত ২৯ ফেব্র“য়ারি শেষ হয় বিপিএলের প্রথম আসর।
২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কে চিড় ধরে। তাই উদ্বোধনী আসরে অংশ নিলেও আইপিএলের আর কোনো আসরে খেলা হয়নি পাকিস্তানের ক্রিকেটারদের।
কয়েক দিন আগে আইপিএলের সভাপতি ও বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা বলেন, “ভারতে পাকিস্তান বা পাকিস্তানী ক্রিকেটারদের বিরুদ্ধে কেউ নেই। তা হলে আমরা পাকিস্তানী ধারাভাষ্যকার বা আম্পায়ারদের এবারের আইপিএলে অংশ নেয়ার অনুমতি দিতাম না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩৩ ঘ.
bdnews24