২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিডিএম ভেঙ্গে দেয়ার দাবি আবাহনীর

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান অচলাবস্থার জন্য লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসকে (সিসিডিএম) দায়ী করেছে আবাহনী লিমিটেড। ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়নরা সিসিডিএমের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গড়ার দাবিও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান অচলাবস্থার জন্য লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসকে (সিসিডিএম) দায়ী করেছে আবাহনী লিমিটেড। ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়নরা সিসিডিএমের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গড়ার দাবিও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। বৃহস্পতিবার আবাহনী ক্লাব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবাহনীর ক্রিকেট কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “আজ (বৃহস্পতিবার) সকালে আমরা ৫ দল এক সঙ্গে বসে আলোচনা করেছি। বাকি চার দলই আমাদের সমর্থন জানিয়েছে। এই সভায় সবার স্বাক্ষরসহ চারটি দাবি জানিয়ে বিসিবির কাছে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।” “নতুন বিদেশি খেলোয়াড় আনতে সময় লাগবে। তাই ১৩ এপ্রিলের বদলে ১৭ এপ্রিল থেকে লিগ শুরু করার দাবি জানিয়েছি আমরা। সিসিডিএম ভেঙ্গে নতুন কমিটি গড়তে হবে। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে। আর ভিক্টোরিয়ার বিপক্ষে সুপার লিগের ঐ ম্যাচের পয়েন্টও আবাহনীকে দিতে হবে,” যোগ করেন তিনি। সিসিডিএমের বতর্মান কমিটির অধীনে খেলা নিরাপদ নয় বলে মনে করেন পাপন। তিনি বলেন, “বর্তমান সিসিডিএমের অধীনে কোনো ম্যাচই নিরাপদ নয়। আমাদের দাবি মেনে না নিলে কোনো দলই খেলবে না। আমরা সিসিডিএমে নিরপেক্ষ লোক চাই।” “বিসিবি যদি সমস্যার সমাধানই দিতে না পারে তাহলে তারা আছে কেন? এই ইস্যু নিয়ে আমরা অনেক দূর যেতে পারি। তাতে ভিক্টোরিয়ারই ক্ষতি হবে। এটা আমরা চাই না,” যোগ করেন আবাহনীর ক্রিকেট কমিটির সভাপতি। এবারের লিগকে ‘জঘন্যতম লিগ’ হিসেবে আখ্যায়িত করে পাপন বলেন, “সূর্যতরুণকে নিয়ে সিসিডিএম যা করেছে তা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। একেক দলের জন্য একেক নিয়ম তৈরি করেছে সিসিডিএম।” নিজেদের অবস্থান ব্যাখ্যা করে পাপন আরো বলেন, “আমাদের কারণে লিগ বন্ধ থাকুক তা আমরা চাই না। কিন্তু প্রতিপক্ষ অবৈধ খেলোয়াড়কে মাঠে নামালে তো আমরা খেলতে পারি না।” এক দিনের সিদ্ধান্তে সূর্যতরুণকে প্রথম বিভাগে নামিয়ে দেয়া হলেও মোহাম্মদ ইউসুফের ছাড়পত্রের বৈধতা নির্ধারণে এতোটা সময় কেন লাগছে তা বুঝতে পারছেন না পাপন। তবে তার কাছে সেটার চেয়েও বড় বিস্ময় হয়ে এসেছে বিসিবির সিদ্ধান্ত। তিনি বলেন, “একটি অবৈধ ছাড়পত্রকে সিসিডিএম বৈধ ঘোষণা করেছে আর তা বিসিবি মেনে নিয়েছে! আমরা আর কত চুপ করে থাকবো? ৭ এপ্রিল বিসিবি একটি চিঠিতে জানিয়েছে, মোহাম্মদ ইউসুফ ২৮ মার্চের পর থেকে আর কোনো ম্যাচে খেলতে পারবেন না। এর মানে হচ্ছে আমাদের বিপক্ষে ঐ ম্যাচের জন্য ইউসুফ বৈধ! আর পরের ম্যাচের জন্য অবৈধ!” “এতেই বোঝা যায় তাদের কার্যক্রম কতটা অযৌক্তিক আর অবৈধ। বিসিবি যে একটি দলের হয়ে কাজ করছে সেটা তাদের ঐ চিঠিতেই পরিষ্কার। অবৈধ, জাল কাগজপত্র দিয়ে দোষ করেছে ভিক্টোরিয়া। অথচ পয়েন্ট কাটা যাবে আমাদের! এটা কিছুতেই মেনে নেয়া সম্ভব নয়,” যোগ করেন পাপন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৩ ঘ.