ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাহেলা জয়াবর্ধনে ও কেভিন পিটারসেনের ফেরার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
তিন খেলায় এটি দিল্লি ডেয়ারডেভিলসের দ্বিতীয় জয় অন্য দিকে সমান খেলায় চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় হার।
দিল্লিার ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১০ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে ১৩ ওভার ২ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ডেয়ারডেভিলস।
লক্ষ্য তাড়া করতে নেমে নামান ওঝার (১৪) সঙ্গে অধিনায়ক বীরেন্দর শেবাগের ৩২ রানের উদ্বোধনী জুটি দিল্লি ডেয়ারডেভিলসকে ভালো সূচনা এনে দেয়। দলীয় ৫০ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে শেবাগ করেন ৩৩ রান।
তৃতীয় উইকেটে জয়াবর্ধনের সঙ্গে পিটারসেনের ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়। ম্যাচ শেষে ৪৩ রানে অপরাজিত থাকেন পিটারসেন। তার ২৬ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা। ৪০ বল হাতে রেখে পাওয়া জয়ে জয়াবর্ধনেরও বড় অবদান। তিনি অপরাজিত থাকেন ২০ রানে।
এর আগে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের প্রথম চার ব্যাটসম্যানের তিন জনই রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন। ৯ ওভার শেষে বর্তমান চ্যাম্পিয়নদের স্কোর ছিল ৬৩/৩। সেখান থেকে শেষ ১১ ওভারে ৫ উইকেট আর মাত্র ৪৭ রান তুলে দলটি।
সর্বোচ্চ ২২ রান আসে ডোয়াইন ব্র্যাভোর ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন সুরেশ রায়না।
দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষে মর্নে মরকেল ২ উইকেট নেন ১৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৮ ঘ.
bdnews24