ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রাঙ্ক ওরেল ট্রফির প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে বোলাররা সুবিধাজনক অবস্থায় নিয়ে এসেছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ইনিংসে ৭১ রান করতেই ৫ উইকেট হারিয়ে উল্টো বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে ১১৪ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
এক প্রান্তে নরসিং দেওনারায়ন ২০ ও অন্য প্রান্তে কার্লটন বাফ ২ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেন হিলফেনহসের তোপের মুখে ৪ রানেই সাজঘরের পথ ধরেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন ব্যাটসম্যান। প্রথম ইনিংসে শতক পাওয়া শিবনারায়ন চন্দরপলও বেশিক্ষণ টেকেন নি।
দলীয় ১৭ রানে রায়ান হ্যারিসের বলে ম্যাথিউ ওয়েডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন চন্দরপল (১২)। পঞ্চম উইকেটে দিওনারায়নের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন ড্যারেন ব্রাভো। ওয়েডের ক্যাচ বানিয়ে পিটার সিডল ব্রাভোকে (৩২) বিদায় করে দলে ভীষণ অস্বস্তি¡তে পড়ে যায় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার পক্ষে হিলফেনহস ১৭ রানে নিয়েছেন ৩ উইকেট।
এর আগে ৪৩ রানে পিছিয়ে থেকে ৯ উইকেটে ৪০৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ৫ উইকেটে ২৪৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে অতিথিরা। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান মাইক হাসি (৪৮) ও ওয়েডকে (২৮) সকালে দ্রুত ফিরিয়ে দিয়ে বড় লিড নেয়ার আশা জাগিয়ে তুলে স্বাগতিকরা।
দলীয় ২৪৯ রানে হাসি সাজঘরের পথ ধরার এক রান পরেই সিডল তাকে অনুসরণ করলে অস্বস্তি¡তে পড়ে অতিথিরা। কিছুক্ষণ পর ফিদেল এডওয়ার্ডসের বলে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে অভিষিক্ত ওয়েড বিদায় নিলে বিপদ আরো বাড়ে অস্ট্রেলিয়ার।
এর পর নবম উইকেটে হিলফেনহসের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তুলেন হ্যারিস। ২৯ বলে ২৪ রান করে হিলফেনহস কেমার রোচের বলে বোল্ড হয়ে গেলেও শেষ ব্যাটসম্যান লিয়নকে নিয়ে লড়াই অব্যাহত রাখেন হ্যারিস।
দশম উইকেটে হ্যারিস ও লিয়নের গড়া ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটির সুবাদে চারশ পেরোয় অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট অর্ধশতক পাওয়া হ্যারিস অপরাজিত থাকেন ৬৮ রানে। ক্যারিয়ার সেরা ৪০ রান আসে লিয়নের ব্যাট থেকে।
৭২ রানে ৩ উইকেট নিয়ে রোচ ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৪৯/৯ ও ৭১/৫ (বারাথ ২, ব্র্যাথওয়েইট ০, কার্ক ১, ব্রাভো ৩২, চন্দরপল ১২, দেওনারায়ন ২০*, বাফ ২*; হিলফেনহস ৩/১৭, হ্যারিস ১/১৪, সিডল ১/১১)
অস্ট্রেলিয়া: ৪০৬/৯ (কাওয়ান ১৪, ওয়ার্নার ৪২, ওয়াটসন ৩৯, পন্টিং ৪, ক্লার্ক ৭৩, হাসি ৪৮, ওয়েড ২৮, সিডল ০, হ্যারিস ৬৮*, হিলফেনহস ২৪, লিয়ন ৪০*; রোচ ৩/ ৭২, স্যামি ২/৬৫, ফিদেল ২/৯২, বিশু ১/১২৫)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৪৭ ঘ.
bdnews24