২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দরপলের শতকে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

শিবনারায়ন চন্দরপলের ২৫তম টেস্ট শতকের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ৪৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা, জবাবে বিনা উইকেটে ৪৪ রান করেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিবনারায়ন চন্দরপলের ২৫তম টেস্ট শতকের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ৪৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা, জবাবে বিনা উইকেটে ৪৪ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে এখনো ৪০৫ রানে পিছিয়ে আছে অতিথিরা। ডেভিড ওয়ার্নার ২৭ ও এড কাউন ১৩ রানে ব্যাট করছেন। এই প্রথম কোনো টেস্টে ওয়েস্ট ইন্ডিজের এগারো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছালেন। তিনটি অর্ধশতকের সুবাদে গড়া শক্ত ভিত কাজে লাগাতে কোনো ভুল করেন নি চন্দরপল। তার শতকের পর পরই ইনিংস ঘোষণা করেন ড্যারেন স্যামি। ২৪৮ বলে করা তার ১০৩ রানের ইনিংসটি ৯টি চার ও একটি ছক্কায় সাজানো। চার বছর আগে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে গড়ে প্রতিটি ইনিংসে চার সেশনের বেশি সময় ব্যাট করেছিলেন চন্দরপল। এবারও সেই পথে হাঁটছেন তিনি। বার্বাডোজের কেনসিংটন ওভালে ৩ উইকেটে ১৭৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেটে আগের দিনের ১২ রানের অবিচ্ছিন্ন জুটিকে এ দিন ৭৩ রান পর্যন্ত নিয়ে যান ড্যারেন ব্র্যাভো ও চন্দরপল। অর্ধশতকে পৌঁছানোর পর পরই ব্র্যাভো (৫১) বিদায় নিলে দিনের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। শেন ওয়াটসনের বলে গালিতে মাইক হাসির কাছে সহজ ক্যাচ দেন ব্র্যাভো। তার ১২৩ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা। পঞ্চম উইকেটে নরসিং দেওনারায়নের (২১) সঙ্গে ৪৮ রানের একটি ছোট কিন্তু কার্যকরী জুটি গড়েন চন্দরপল। ৩০ বলে ৪টি চারের সাহায্যে ২১ রান করা দেওনারায়নের ইনিংস শেষ অস্ট্রেলিয়ার বোলারদের পরিকল্পিত আক্রমণে। মধ্যাহ্ন-বিরতির ঠিক ১২ বল আগে রায়ান হ্যারিসের খাটো লেন্থের একটি বল তুলে মারতে গিয়ে উইকেটরক্ষক ম্যাথিউ ওয়াডের কাছে সহজ ক্যাচ দেন দেওনারায়ন। স্বভাব সুলভ আক্রমণাত্মক ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। ৩৬ বলে করা তার ৪১ রানের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৪৪৯/৯ (বারাথ ২২, ব্রেথওয়েইট ৫৭, এডওয়ার্ডস ৬১, ব্র্যাভো ৫১, চন্দরপল ১০৩*, দেওনারায়ন ২১, বাফ ২২, স্যামি ৪১, রোচ ১৬, এডওয়ার্ডস ১০, বিশু ১৮; ওয়ার্নার ২/৪৫, হ্যারিস ২/৮৩, ওয়াটসন ১/৪৬, হিলফেনাস ১/৬৭, সিডল ১/৮৩, লিয়ন ১/৯৪) অস্ট্রেলিয়া: ৪৪/০ (কাউন ১৩, ওয়ার্নার ২৭; বিশু ০/৮, এডওয়ার্ডস ০/১৪, রোচ ০/১৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৫৯ ঘ.