২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ এপ্রিল থেকেই ঢাকা লিগ শুরু হচ্ছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুযায়ী ১০ এপ্রিল থেকেই শুরু হচ্ছে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। রোববার লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) এর জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুযায়ী ১০ এপ্রিল থেকেই শুরু হচ্ছে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। রোববার লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) এর জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিসিডিএম সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরী নিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিসিবির নির্দেশ অনুযায়ীই ১০ এপ্রিল থেকে সুপার লিগের তৃতীয় পর্বের খেলা শুরু হচ্ছে। ১২ ও ১৫ এপ্রিল লিগের শেষ দুই রাউন্ড অনুষ্ঠিত হবে।” ২৮ ও ৩১ মার্চ দুই দফা সকল কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের নিবন্ধনকে বৈধ হিসেবে ঘোষণা করে সিসিডিএম। এদিকে ইউসুফের ছাড়পত্র ও নিবন্ধনের ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ব্যাপারে সিসিডিএমের অবস্থান জানতে চাইলে নিকু বলেন, “শুধু লিগের অচলাবস্থাই নয় ইউসুফের নিবন্ধনের ব্যাপারেও বিসিবির কাছে সমাধান চেয়েছিলাম। প্রয়োজন মনে করেছেন বলেই তারা তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন।” বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন কোটা ৮ থেকে ১০ করার বিসিবির নির্দেশও সিসিডিএম স্ট্যান্ডিং কমিটির অনুমোদন পেয়েছে বলে জানান নিকু। এর আগে শনিবার জরুরি সভা থেকে বিসিবি সিসিডিএমকে ১০ এপ্রিল থেকে সুপার লিগের তৃতীয় পর্বের খেলা শুরুর নির্দেশ দিয়েছিলো। সিসিডিএমের আবেদনের ভিত্তিতে ১ এপ্রিল উত্তরণের পথ খুঁজতে বিসিবির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুব আনামকে প্রধান করে চার সদস্যের বিশেষ কমিটি গঠন করে বিসিবি। কমিটির অন্য তিন সদস্য হলেন গাজী আশরাফ হোসেন লিপু, দেওয়ান শফিউল আরেফীন টুটুল ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সুষ্ঠু সমাধানের জন্য তাদের তাদের ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়েছিলো। ইউসুফের ছাড়পত্র ‘জাল’ মোহামেডানের এমন চিঠি পেয়ে ২৮ মার্চ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে অস্বীকৃতি জানায় আবাহনী। সেই রাতেই সুপার লিগের খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিসিডিএম। ইউসুফের বিষয়ে মোহামেডানের পক্ষ থেকে বিসিবিকে দুটি চিঠি দেয়া হয়েছে। সেখানে ইউসুফের সঙ্গে তাদের গতবছরের চুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৩ ঘ.