ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম ম্যাচে রোববার রাজস্থান রয়্যালসের কাছে ২২ রানে হেরে গেছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের উদ্বোধনী ম্যাচেও তারা দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হেরে গিয়েছিলো। এদিকে এই ম্যাচেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে মাঠে নামায়নি কলকাতা।
সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালসের শুরুটা ভালো না হলেও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মত পুঁজি গড়তে সক্ষম হয় তারা। বিশেষ করে ছয় নম্বরে ব্যাট করতে নামা ওয়াইজ শাহ’র ১১ বলে অপরাজিত ২৩ রানের সুবাদে ৫ উইকেটে ১৬৪ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। এছাড়া শ্রীভাটস গোস্বামী ১৮ বলে ২৩, অশোক মেনারিয়া ৩০ বলে ৪০ ও ব্র্যাড হজ ২৯ বলে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেন।
২৯ রানে ২ উইকেট নিয়ে কলকাতার সেরা বোলার ব্রেট লি।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের বোলারদের মারাত্মক বোলিংয়ে দলীয় ৮ রানে তিন উইকেট হারিয়ে প্রচন্ড চাপে পড়ে যায় কলকাতা। দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরে যান জ্যাক ক্যালিস (৫), ব্রেন্ডন ম্যাককালাম (২) ও অধিনায়ক গৌতম গম্ভীর (২)। মনোজ তিওয়ারি ওই চাপ সামাল দেয়ার চেষ্টা করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে ফিরতে পারেনি কলকাতা। তিওয়ারি ছাড়া একমাত্র ব্রেট লি (২৫) বিশের কোটা পেরোতে সক্ষম হন। ইনিংসের শেষ বলে তিওয়ারি বোল্ড হয়ে গেলে ১৪২ রানে থেমে যায় শাহরুখ খানের দল। ৭টি চারে ৪৯ বলে ৫৯ রান করেন তিওয়ারি।
রাজস্থানের কেভন কুপার ২৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নেন আঙ্কেত চাভান, অমিত সিং ও সিদ্ধার্থ ত্রিবেদী।
রাজস্থানের এটি টানা দ্বিতীয় জয়। নিজেদের উদ্বোধনী ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩১ রানে হারিয়েছিলো তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০০ ঘ.
bdnews24