ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -আইপিএলের পঞ্চম আসরে পুনে ওয়ারিয়র্সের অন্য চেহারা। রোববারের দ্বিতীয় খেলায় কিংস ইলিভেন পাঞ্জাবকে ২২ রানে সহজেই হারিয়েছে পুনে ওয়ারিয়র্স। দুই খেলায় এটি দলটির দ্বিতীয় জয় অন্য দিকে সমান খেলায় কিংস ইলিভেন পাঞ্জাবের দ্বিতীয় হার।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৬ রান করে পুনে ওয়ারিয়র্স। জবাবে ৮ উইকেটে ১৪৪ রান করে কিংস ইলিভেন পাঞ্জাব।
লক্ষ্য তাড়া করতে নেমে কিংস ইলিভেন পাঞ্জাবের শুরুটা মোটেও ভালো হয়নি। নিখুঁত লাইন লেন্থে বল করে শুরু থেকেই কিংস ইলিভেন পাঞ্জাবের ব্যাটসম্যানদের রান সংগ্রহ কঠিন করে তুলেন পুনে ওয়ারিয়র্সের বোলাররা। হিসেবী বোলিংয়ের বিরুদ্ধে প্রথম ৬ ওভারে ২ উইকেটে ১৯ রান করে অতিথিরা। দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অবশ্য বিদায় নেন দুর্ভাগ্যজনক রান আউট হয়ে।
এর পর মানদীপ সিং ২৪, অভিষেক নায়ার ২৪, ডেভিড হাসি ১৮, পীযুষ চাওলা ১৬ ও বিপুল শর্মা ৩৫* পরাজয়ের ব্যবধান কমিয়েছেন কেবল।
পুনে ওয়ারিয়র্সের পক্ষে রাহুল শর্মা ৩৪ রানে নেন ২ উইকেট।
এর আগে ৩২ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফিরে এলে শুরুটা ভালো হয়নি পুনে ওয়ারিয়র্সের। তৃতীয় উইকেটে রবিন উথাপ্পার (৪০) সঙ্গে মারলন স্যামুয়েলসের ৮১ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামলে ভালো অবস্থানে নিয়ে আসে পুনে ওয়ারিয়র্সকে।
স্যামুয়েলস, উথাপ্পার বিদায়ের পর স্টিভেন স্মিথ (১২ বলে ২৫ রান) ও মনিশ পান্ডের (৪ বলে ১২ রান) আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে লড়াইয়ের পুজি গড়ে সৌরভ গাঙ্গলীর দল।
২৪ রানে ৩ উইকেট নিয়ে হারমিত সিং কিংস ইলিভেন পাঞ্জাবের সেরা বোলার।
আইপিএল অভিষেকের জন্য আরো অপেক্ষায় থাকতে হচ্ছে তামিম ইকবালকে। এই ম্যাচে মাঠে নামানো হয়নি এই বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যানকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৭ ঘ.
bdnews24