২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা লিগ ১০ এপ্রিল থেকে শুরুর নির্দেশ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় পর্বের খেলা ১০ এপ্রিল থেকে শুরু করতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) বলেছে বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় পর্বের খেলা ১০ এপ্রিল থেকে শুরু করতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) বলেছে বিসিবি। শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক জরুরি সভা থেকে এ নির্দেশ দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিসিবির মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ জরুরি সভা হয়। সভা শেষে মোবাইল ফোনে জালাল বলেন, “১০ এপ্রিল থেকে লিগের খেলা শুরু করতে বলা হয়েছে সিসিডিএমকে।” “পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের নিবন্ধনের কাগজ পত্রে বেশ কিছু ভুল-ভ্রান্তি চোখে পড়েছে। চলতি মৌসুমে তিনি আর খেলতে পারবেন না,” যোগ করেন তিনি। জালাল বলেন, “মোহামেডানের অভিযোগের ভিত্তিতে ইউসুফের নিবন্ধের ব্যাপারে আমরা আইনী লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছি। তার ছাড়পত্র জাল হয়ে থাকলে দোষীদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব।” খেলতে অস্বীকৃতি জানানোয় আবাহনীর পয়েন্ট কেটে নেওয়া বিষয়ে ম্যাচ রেফারির সিদ্ধান্তই বহাল থাকছে বলেও জানান তিনি। কয়েক দফা লিগ বন্ধ হয়ে যাওয়ায় বিদেশি খেলোয়াড়দের নিয়ে বিপাকে রয়েছে ক্লাবগুলো। তাদের দাবির মুখে বিদেশি খেলোয়াড় নিবন্ধন কোটা ৮ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে বলে জানান জালাল। বিসিবি সভার সিদ্ধান্তের ব্যাপারে সিসিডিএম সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিসিবির সিদ্ধান্তের চিঠি পাওয়ার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না।” “১০ এপ্রিল খেলা শুরু করতে হলে সিসিডিএমের জরুরি সভা ডাকতে হবে। তার পরই আমরা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব,” বলেন তিনি। সিসিডিএমের আবেদনের ভিত্তিতে ১ এপ্রিল উত্তরণের পথ খুঁজতে বিসিবির জেষ্ঠ্য সহ-সভাপতি মাহবুব আনামকে প্রধান করে চার সদস্যের বিশেষ কমিটি গঠন করে বিসিবি। কমিটির অন্য তিন সদস্য হলেন গাজী আশরাফ হোসেন লিপু, দেওয়ান শফিউল আরেফীন টুটুল ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সুষ্ঠু সমাধানের জন্য তাদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। মোহাম্মদ ইউসুফের ছাড়পত্র ও নিবন্ধন নিয়ে সঙ্কট নিয়ে সিসিডিএমের স্ট্যান্ডিং কমিটির ২৮ ও ৩১ মার্চ দুই দফা বৈঠক করে সমাধানের জন্য বিসিবির শরণাপন্ন হয়। ইউসুফের ছাড়পত্র জাল- মোহামেডানের এমন চিঠি পেয়ে ২৮ মার্চ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে অস্বীকৃতি জানায় আবাহনী। সেই রাতেই সুপার লিগের খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিসিডিএম। ইউসুফের বিষয়ে মোহামেডানের পক্ষ থেকে বিসিবিকে দুটি চিঠি দেওয়া হয়। সেখানে ইউসুফের সঙ্গে তাদের গতবছরের চুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/২৩৩০ ঘ.