ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফির প্রথম টেস্টের বৃষ্টি বিঘিœত প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৭৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে শেষ সেশনের অর্ধেকেরও বেশি সময় খেলা হয়নি।
ড্যারেন ব্র্যাভো ২০ ও শিবনারায়ন চন্দরপল ৮ রানে ব্যাট করছেন।
বার্বাডোজের কেনসিংটন ওভালে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে অ্যাড্রিয়ান বারাথ ও ক্রেইগ ব্রেথওয়েইটের ৩৮ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকরদের ভীষণ সাবধানী সূচনা এনে দেয়।
আঠারোতম ওভারের তৃতীয় বলে বারাথকে ফিরিয়ে দিয়ে অতিথিদের মধ্যাহ্ন বিরতির আগে একমাত্র সাফল্যটি এনে দেন রায়ান হ্যারিস। অসীম ধৈর্য নিয়ে ৭৫ মিনিট ধরে ব্যাট করা বারাথের উইকেট অতিথির পরিকল্পিত বোলিংয়ের ফসল।
অফস্ট্যাম্পের বাইরে বারাথকে ক্রমাগত খাটো লেন্থের বল দিয়ে হুক করতে প্রলুদ্ধ করা হয়। শেষ পর্যন্ত ফাঁদে পা দিয়ে হুক করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পিটার সিডলের হাতে সহজ ক্যাচ দেন তিনি। বারাথকে আউট করতে ঠিক এই পরিকল্পাই ‘টুইট’ করা হয়েছিল।
দ্বিতীয় উইকেটে কার্ক এডওয়ার্ডসের সঙ্গে ১০৪ রানের আরেকটি সাবধানী জুটি গড়েন ব্রেথওয়েইট। এই রান করতে তাদের খেলতে হয় পুরো ৩৭ ওভার। শেষ দিকে এডওয়ার্ডস শট খেলা শুরু করলে রানের গতি একটু বাড়ে। ১০৭ বলে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬১ রান করা এডওয়ার্ডসকে ফিরিয়ে দিয়ে প্রথম টেস্ট উইকেট নেন ডেভিড ওয়ার্নার।
অর্ধশতকের পাওয়ার পর বেশিক্ষণ টেকেন নি ব্রেথওয়েইট (৫৭)। পিটার সিডলের বলে অভিষিক্ত উইকেটরক্ষক ম্যাথিউ ওয়াডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ব্রেথওয়েইটের ১৯৯ বলের ইনিংসে ৪টি চার।
ব্রেথওয়েইটের বিদায়ের পর নিজেকে গুটিয়ে নেন ব্র্যাভো। প্রথম ১৭ বলে ১৬ রান করা ব্র্যাভোর শেষ ৪ রান এসেছে ৪৩ বলে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৭৩ ওভারে ১৭৯/৩ (বারাথ ২২, ব্রেথওয়েইট ৫৭, এডওয়ার্ডস ৬১, ব্র্যাভো ২০*, চন্দরপল ৮*; ওয়ার্নার ১/২৩, হ্যারিস ১/২৯, সিডল ১/৩৬)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০০৫ ঘ.
bdnews24