২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহানে, কুপারের কাছে হারলো কিংস ইলিভেন পাঞ্জাব

অজিঙ্কিয়া রাহানের আক্রমণাত্মক ব্যাটিং আর কেভিন কুপারের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় কিংস ইলিভেন পাঞ্জাবকে ৩১ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অজিঙ্কিয়া রাহানের আক্রমণাত্মক ব্যাটিং আর কেভিন কুপারের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় কিংস ইলিভেন পাঞ্জাবকে ৩১ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯১ রান করে রাজস্থান রয়্যালস। জবাবে ৯ উইকেটে ১৬০ রানেই শেষ হয় কিংস ইলিভেন পাঞ্জাবের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে কিংস ইলিভেন পাঞ্জাবের প্রথম আট ব্যাটসম্যানের সাত জনই দুই অঙ্কের ঘরে পৌঁছান। কিন্তু তাদের কেউই নিজেদের ইনিংস বড় করতে না পারায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়ে দলটি। অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট (২৭) ও পল ভালথেটির (১৩) ৩৬ রানের উদ্বোধনী জুটির পরও কুপারের তোপের মুখে ৬১ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে কিংস ইলিভেন পাঞ্জাব। এর পর মানদীপ সিং (৩৪), বিপুল শর্মা (১৮), ডেভিড হাসি (১৩) ও পিযুষ চাওলা (১০) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল। ২৫ রানে ৪ উইকেট নিয়ে কুপার রাজস্থান রয়্যালসের সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সঙ্গে রাহানের ৭৭ রানের উদ্বোধনী জুটি রাজস্থান রয়্যালসকে শক্ত ভিত গড়ে দেয়। দশম ওভারের তৃতীয় বলে দ্রাবিড় (২৮) এবং রানের খাতা খুলার আগেই অশোক মেনারিয়ার বিদায়ের পরও রানের চাকা সচল রাখেন রাহানে। তৃতীয় উইকেটে ব্র্যাড হজের (২১) সঙ্গে রাহানের ৭৫ রানের আরেকটি কার্যকর জুটির সুবাদে দেড়শ পেরোয় রাজস্থান রয়্যালস। শেষ ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরার আগে রাহানে খেলেন ৯৮ রানের ঝকঝকে এক ইনিংস। তার ৬৬ বলের ইনিংসে ১৬টি চার ও ১টি ছক্কা। আইপিএলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নব্বইয়ের ঘরে আউট হলেন তিনি। এর আগে এই অভিজ্ঞতা ছিল একমাত্র সুরেশ রায়নার। শেষ পর্যন্ত ওয়াইজ শাহ (৮ বলে ১৪) ও কুপারের (৩ বলে ১১) আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুশর কাছাকাছি স্কোর গড়ে রাহুল দ্রাবিড়ের দল। কিংস ইলিভেন পাঞ্জাবের পক্ষে জেমস ফুকনার ৪১ রানে নেন ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৫ ঘ.