ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অচলাবস্থা কেটে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। তবে কবে নাগাদ লিগ শুরু হবে তা এখনো অনিশ্চিত। পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের ছাড়পত্র ও নিবন্ধন জটিলতায় গত ২৮ মার্চ লিগ বন্ধ হওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনো কোনো সমাধান আসেনি। বিসিবির গঠিত বিশেষ কমিটি সঙ্কট নিরসনে তাকিয়ে আছে বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের দিকে।
বিশেষ কমিটি জানিয়েছে, বিসিবি সভাপতি রোববার দেশে ফিরলেই এ ব্যাপারে সিদ্ধান্তে আসা সম্ভব। তবে এখনও পর্যন্ত ইউসুফকে নিয়ে সৃষ্ট অনাকাক্সিক্ষত ঘটনায় নিজেদের অবস্থানে অনড় রয়েছে মোহামেডান।
এদিকে লিগ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছে ক্লাবগুলো। ৬ এপ্রিলের মধ্যে লিগ শুরু না হলে প্রতিদিনের জন্য বিসিবির কাছে আর্থিক ক্ষতিপূরণের হুমকি দিয়েছে তারা।
সিসিডিএমের আবেদনের প্রেক্ষিতে সঙ্কট উত্তরণের পথ খুঁজতে গত রোববার বিসিবির জেষ্ঠ্য সহ-সভাপতি মাহবুব আনামকে প্রধান করে চার সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য তিন সদস্য হলেন গাজী আশরাফ হোসেন লিপু, দেওয়ান শফিউল আরেফীন টুটুল ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
প্রথম দিন তিন ক্লাবের সঙ্গে যোগাযোগ করে কাটালেও দ্বিতীয় দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ক্লাবকে নিয়ে সভায় বসে বিশেষ কমিটি। ঐ সভায় আলোচনার ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করে তারা। বিসিবি সভাপতি দেশে ফিরলে তাকে এই রিপোর্ট দেয়া হবে। তবে রিপোর্ট সম্পর্কে কিছুই জানাতে রাজি হননি মাহবুব আনাম।
ইউসুফের ‘জাল’ ছাড়পত্রের ব্যাপারে মোহামেডানের অভিযোগ পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে কিনা জানতে চাওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহবুব আনাম বলেন, “আমরা তো সিসিডিএমকে কোনো নির্দেশ দিতে পারি না। আবার ক্লাবগুলোকেও সরাসরি কিছু বলতে পারি না। লিগ শুরু করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তার চেষ্টাই করছি।”
“আমরা একটি রিপোর্ট তৈরি করেছি। বিসিবি সভাপতি দেশে ফেরার পর তাকে সেটি দেয়া হবে। বোর্ড সভাপতি এ ব্যাপারে ঘোষণা দিতে পারেন,” যোগ করেন তিনি।
ইউসুফের ছাড়পত্রের ব্যাপারে মোহামেডানের ক্রিকেট কমিটির সভাপতি খন্দকার জামিল বলেন, “আমরা আগে যা বলেছি এখনও তাই বলছি। ইউসুফের জাল ছাড়পত্র অবৈধ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা মাঠে যাব না।”
ইউসুফের ছাড়পত্র ও নিবন্ধনজনিত সঙ্কট নিয়ে সিসিডিএমের স্ট্যান্ডিং কমিটি ২৮ ও ৩১ মার্চ দু দফা বৈঠকের পর সমাধানের জন্য বিসিবির শরণাপন্ন হয়।
ইউসুফের ছাড়পত্র জাল মোহামেডানের এমন চিঠি পেয়ে ২৮ মার্চ ভিক্টোরিয়ার বিপক্ষে একটি ইনিংস শেষ হওয়ার পর মাঠে নামতে অস্বীকৃতি জানায় আবাহনী। সেই রাতেই সুপার লিগের খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিসিডিএম।
ইউসুফের ব্যাপারে বিসিবিকে দুটি চিঠি দিয়েছে মোহামেডান। এই দুটি চিঠিতে ইউসুফের সঙ্গে গত বছরের চুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৮ঘ.
bdnews24