ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম আসরের পর্দা উঠছে।
এখন পর্যন্ত আইপিএলের সবচেয়ে সফল ও ধরাবাহিক দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গত চারটি আসরের মধ্যে প্রথমটিতে রানার্স-আপ, দ্বিতীয়টিতে সেমিফাইনালিস্ট ও শেষ দুটিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
তবে পিছিয়ে নেই শচীন টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ানসও। যদিও আইপিএলে তাদের সর্বোচ্চ সাফল্য ২০১০ সালের তৃতীয় আসরে রানার্স-আপ হওয়া। টেন্ডুলকারের নেতৃত্বে থাকা মুম্বাই সেবার চেন্নাইয়ের কাছেই শিরোপা খুঁইয়েছিলো। তবে বাড়তি চাপ ঝেড়ে ফেলতে এবারের আসরে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এক শ শতকের মালিক টেন্ডুলকার। তার বদলে নেতৃত্ব দেবেন হরভজন সিং।
গতবারের চমৎকার ব্যাটিং লাইন-আপ নিয়েই এবারও মাঠে নামবে চেন্নাই। ধোনী, সুরেশ রায়না, মাইকেল হাসি, সুব্রামানিয়াম বদ্রিনাথ ও মুরালি বিজয় প্রত্যেকেই গত আসরে চারশর উপরে রান করেছেন।
রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে বোলিং আক্রমণে এবার বাড়তি মাত্রা যোগ করতে পারেন রবীন্দ্র জাদেজা ও বেন হিলফেনহস। জাদেজা একমাত্র খেলোয়াড় যিনি এবছর চেন্নাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আর অস্ট্রেলিয়ার হিলফেনহস গতবছর চুক্তিবদ্ধ হলেও চোটের কারণে খেলতে পারেনি। তার বদলে খেলেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (এবার দলে নেই)।
এবারের আসরে মুম্বাইয়ের নতুন চমক হয়ে উঠতে পারেন টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের মালিক দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি। ফেব্র“য়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২টি ছক্কা ও ৩টি চারে ৪৫ বলে শতক করেছিলেন তিনি। এবার টেন্ডুলকারের সঙ্গে তাকেই ব্যাটিং উদ্বোধন করতে দেখা যেতে পারে।
বোলিংয়ে নেতৃত্ব দিতে পারেন আরপি সিং ও প্রজ্ঞান ওঝা। গত আসরে সবচেয়ে বেশি উইকেট শিকার করা চার বোলারের মধ্যে ছিলেন এই দুই জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২১৫ ঘ.
bdnews24