ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে বুধবার শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম আসরে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথের। তার বাঁপায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হবে। পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা ছিলো স্মিথের।
মঙ্গলবার স্মিথের গোড়ালিতে অস্ত্রোপচার হতে পারে। সুস্থ হতে আট থেকে দশ সপ্তাহ সময় লাগবে তার। তবে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরে তাকে দলে পাওয়া যাবে বলে আশা করছে দেশটির ক্রিকেট বোর্ড।
স্মিথ বলেন, “এ বছরের আইপিএলে খেলতে পারছি না বলে আমি খুবই হতাশ। হাঁটুর চোটের কারণে গত মৌসুমে আমাকে আগেভাগেই দেশে ফিরে যেতে হয়েছিলো। তাই পুনে ওয়ারিয়র্সের হয়ে আমার দ্বিতীয় মৌসুমটায় আমি খেলতে চেয়েছিলাম।”
আইপিএলের চতুর্থ আসরে মাত্র চারটি ম্যাচ খেলতে পেরেছিলেন স্মিথ। বিলুপ্ত হওয়া কোচি টাস্কার্স কেরালার বিপক্ষে খেলার সময় সতীর্থ রাহুল শর্মার সঙ্গে ধাক্কা খেয়ে পায়ে চোট পান স্মিথ। পরে ওই জন্য তাকে অস্ত্রোপচারও করাতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৭ ঘ.
bdnews24