ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অচলাবস্থা পাঁচ দিনেও কাটেনি। সোমবার দিনভর চেষ্টা করেও তিনপক্ষকে এক টেবিলে বসাতে পারেনি বিসিবির বিশেষ কমিটি। সব পক্ষকে এক সঙ্গে নিয়ে আলোচনায় বসলে সমাধানের একটি পথ বেরিয়ে আসবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংকট উত্তরণের পথ খুঁজতে রোববার মাহবুব আনামকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে বিসিবি। সুষ্ঠু সমাধানের জন্য তাদের ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়েছিলো। কমিটির অন্য তিন সদস্য হলেন গাজী আশরাফ হোসেন লিপু, দেওয়ান শফিউল আরেফীন টুটুল ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
সোমবার তিন পক্ষ মোহামেডান, আবাহনী ও ভিক্টোরিয়াকে নিয়ে এক সঙ্গে সভায় বসার চেষ্টা করে কমিটি। তবে মোহামেডানের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে, ইউসুফের ছাড়পত্রের বৈধতা বাতিল করা না হলে বিসিবির সঙ্গে কোনো আলোচনায় তারা বসবে না।
ক্লাবটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান খন্দকার জামিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে ইউসুফের ছাড়পত্র বাতিল করতে হবে। এটাকে বৈধতা দিতে আমাদের কোনো আলোচনায় ডাকা হলে আমরা সেখানে বসবো না।”
“ফোনে আমাদের প্রতিনিধি হিসাবে ক্লাবের সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে মাহবুব আনামের কথা হয়েছে। লোকমান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মোহামেডান জাল ছাড়পত্রের বিষয়ে কোন আলোচনা করবে না। বিসিবি ও সিসিডিএম ইউসুফের জাল ছাড়পত্র বাতিল বলে ঘোষণা করলে আমরা আলোচনায় বসব,” যোগ করেন তিনি।
পাকিস্তানের খেলোয়াড় মোহাম্মদ ইউসুফের নিবন্ধন নিয়ে চলমান সংকটের শুরু হয়েছে। মোহামেডানের দাবি ইউসুফ তাদের খেলোয়াড় এবং তার ছাড়পত্র জাল। তবে দুই দফা বৈঠকের পর লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানায়, ইউসুফের ছাড়পত্র বৈধ। বর্তমানে ইউসুফ খেলছেন ভিক্টোরিয়ার হয়ে।
ইউসুফের ছাড়পত্র জাল মোহামেডানের এমন চিঠি পেয়ে বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে অস্বীকৃতি জানায় আবাহনী। সেই রাতেই সুপার লিগের খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিসিডিএম।
ইউসুফের বিষয়ে মোহামেডানের পক্ষ থেকে বিসিবিকে দুটি চিঠি দেয়া হয়েছে। সেখানে ইউসুফের সঙ্গে তাদের গতবছরের চুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এ ব্যাপারে জামিল বলেন, “মোহামেডান লিমিডেট কোম্পানিতে রূপান্তরিত হওয়ার দিন থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম প্রশাসনিকভাবে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন লোকমান হোসেন ভূঁইয়া। এখন দেড় বছর আগে কে কি ভাবে মোহামেডানের প্যাডে কি লিখেছে তা বৈধ বলে মেনে নেয়ার কোন যুক্তিই নেই।”
এ বিষয়ে দুপুরে টুটুল বলেন, “আলোচনা কী হয়েছে আমি জানি না। আমার সঙ্গে মাহবুব আনামের কোন কথা হয়নি।”
মাহবুব আনাম সোমবার তিন পক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন লিপু। তিনি বলেন, “আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পর ওই রাতেই আবাহনীর ক্রিকেট চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন আহ্বায়ক কমিটির প্রধান। পাপন বিদেশ চলে যাবেন বলে তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয়।”
“তিন পক্ষেরই কিছুটা ক্ষোভ আছে। তাই আমরা আজ (সোমবার) এক সঙ্গে বসতে পারেনি। তবে সবার সঙ্গে সবার সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। আশা করছি দুই-তিন দিনের মধ্যে বসে প্রিমিয়ার ক্রিকেটের অচলাবস্থা দূর করতে পারবো,” যোগ করেন তিনি।
এদিকে আবাহনীর ক্রিকেট সাধারণ সম্পাদক এমএ আউয়াল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কমিটি থেকে এখনো আমাকে ডাকা হয়নি। ডাকা হলে অবশ্যই যাব এবং ইউসুফের নিবন্ধন বৈধ কিনা সেটি আগে জানতে চাইব।”
“আমাদের ক্রিকেট চেয়ারম্যান বিদেশ যাওয়ার আগে আমাকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন। এ পর্যন্ত যা-ই হোক আমারও চাই প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়াক। একই সঙ্গে দেখতে চাই সিসিডিএমের দোষী ব্যক্তিদের শাস্তি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫৭ ঘ.
bdnews24