২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের টিভি স্বত্ব এখন স্টার টিভির

২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠেয় সব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে রুপার্ট মারডকের স্টার টিভি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠেয় সব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে রুপার্ট মারডকের স্টার টিভি। নিলামে তিন হাজার আটশ একান্ন কোটি রুপিতে এই স্বত্ব কিনেছে স্টার টিভি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মাল্টি-স্ক্রিন মিডিয়া (সনি) তিন হাজার সাতশ কোটি রুপি দিতে চেয়েছিলো। ছয় বছর মেয়াদের চুক্তির সুবাদে ৯৬টি আন্তর্জাতিক ম্যাচ দেখানোর সুযোগ পাবে স্টার টিভি। ভারতের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি আর ইরানি কাপও চুক্তির আওতাভুক্ত। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এই চুক্তির বাইরে। স্টার টিভির সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে পেরে দারুণ খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসন। তিনি বলেন, “টিভি স্বত্বের সঠিক মূল্যায়ন হওয়ায় বিসিসিআই দারুণ আনন্দিত। এবং আমার বিশ্বাস পুরো অর্থই আমরা পাব।” এর আগে এই টিভি স্বত্বের মালিক ছিলো নিম্বাস। কিন্তু আর্থিক লেনদেনজনিত সমস্যার কারণে গত ডিসেম্বরে চুক্তিটি বাতিল করে বিসিসিআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১৯ঘ.