২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট নিরসনে বিসিবির সহায়তা চায় সিসিডিএম

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে তাকিয়ে আছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। রোববার অনুষ্ঠেয় বোর্ডের ৩৫তম সভা থেকে এ ব্যাপারে ফলপ্রসু সিদ্ধান্তের প্রত্যাশায় রয়েছে সিসিডিএম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলমান সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে তাকিয়ে আছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। রোববার অনুষ্ঠেয় বোর্ডের ৩৫তম সভা থেকে এ ব্যাপারে ফলপ্রসু সিদ্ধান্তের প্রত্যাশায় রয়েছে সিসিডিএম। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্ট্যান্ডিং কমিটির সভা শেষে সিসিডিএম’র সদস্য সচিব ইকবাল ইউসুফ চৌধুরী নিকু বলেন, “দেশের প্রধান দুই দল আবাহনী ও মোহামেডানকে ছাড়া খেলা চালানো সম্ভব নয়। তাদের ফেরাতে আমরা বোর্ডের সহায়তা চেয়েছি।” “কাল (রোববার) বোর্ডের সভা রয়েছে। আমরা বোর্ডের সহায়তা চেয়েছি, আশা করছি সেখান থেকেই একটি সমাধান বের হয়ে আসবে,” যোগ করেন তিনি। তবে দেশের বাইরে থাকায় স্ট্যান্ডিং কমিটির ওই সভায় উপস্থিত ছিলেন না সভাপতি জিএস হাসান তামিম, সহ-সভাপতি হানিফ ভুইয়া ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সমন্বয়ক আইনুল ইসলাম তিয়াশ। এছাড়া এগার সদস্যের কমিটির বাকি ৮ সদস্য সর্বসম্মতিক্রমে সংকট নিরসনে বোর্ড সভাপতির দিক নির্দেশনা চেয়েছেন। নিকু বলেন, “আমরা কোনো পুলিশি সংগঠন নই, খুব দ্রুত কোনো তদন্ত করা আমাদের পক্ষে সম্ভব নয়। লিগ বন্ধ হয়ে যাওয়ার পর আমরা যে সময় পেয়েছি, ওই সময়ে সকল কাগজপত্র পরীক্ষা করে দেখেছি ভিক্টোরিয়ার খেলোয়াড় মোহাম্মদ ইউসুফের নিবন্ধন বৈধ।” “আবাহনী ও মোহামেডানের আবেদন ও ইউসুফের নিবন্ধন সংক্রান্ত সকল কাগজপত্র আমরা বোর্ডের কাছে জমা দিয়েছি,” যোগ করেন তিনি। বুধবার লিগ বন্ধের পর বৃহস্পতিবার জরুরি সভা ডাকে সিসিডিএম। ওই সভায় সংকট নিরসনে বোর্ড সভাপতির পরামর্শ চাওয়া সিদ্ধান্ত নেয়া হয়। নিকু বলেন, “আজকের (শনিবার) সভাটি ছিল নিয়মিত সভা। গতকাল (শুক্রবার) মোহামেডান আরেকটি চিঠি দিয়েছে, তার প্রেক্ষিতেই অন্যসব বাদ দিয়ে আমরা এই ব্যাপারে কথা বলেছি।” “লিগ আয়োজনের দায়িত্ব আমাদের। তবে পরিস্থিতি এখন আমাদের বাইরে। আমরা চাই এ ব্যাপারে সিদ্ধান্ত আসুক বোর্ড সভাপতির তরফ থেকে। এছাড়া আজকের সভা থেকে আমরা একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০০৩ ঘ.