২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোটের কারণে দ্বিতীয় টেস্টে নেই ব্রড

ডান পায়ের পেশিতে টান পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। কলম্বোয় মঙ্গলবার থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডান পায়ের পেশিতে টান পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। কলম্বোয় মঙ্গলবার থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। গলে প্রথম টেস্টে ৭৫ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ঐ ম্যাচেই একটি চার বাঁচাতে গিয়ে ডান পায়ে আবার চোট পান ব্রড। ডান গোড়ালির চোট কাটিয়ে কিছু দিন আগেই মাঠে ফিরেছিলেন তিনি। এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, “স্ক্যান করানোর পর আজ (শুক্রবার) ব্রডের ডান পায়ের পেশির চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।” কলম্বোতে ব্রডের জায়গায় টিম ব্রেসনান বা স্টিভেন ফিনের সুযোগ পাওয়ার কথা। এদিকে সর্বশেষ চার টেস্টে হার এবং ব্যাট হাতে টানা ব্যর্থতার কারণে ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস এখন ভীষণ চাপের মধ্যে। গত নভেম্বরের পর টেস্টে শতকের দেখা পাননি এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। সর্বশেষ আট ইনিংসে পঞ্চাশ পেরিয়েছেন মাত্র একবার। গল টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দায়িত্বহীন শট খেলে আউট হলেও ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম গুচের সমর্থন পাচ্ছেন স্ট্রাউস। টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার জন্য এখনো স্ট্রাউসই সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ও অধিনায়ক গুচ । তিনি বলেন, “অ্যালিস্টার কুকের সঙ্গে ইনিংস উদ্বোধন করার জন্য তিনিই এখন দেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান।” “তার ওপর আমার আস্থা রয়েছে। নিজের ব্যাটিংয়ে উন্নতির জন্য প্রতিদিন অনুশীলনে তিনি কঠোর পরিশ্রম করেন,” যোগ করেন গুচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৪ ঘ.