২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে জেতালেন রঙ্গনা হেরাথ

রঙ্গনা হেরাথের ক্যারিয়ার সেরা বোলিংয়ে গল টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এটা ইংল্যান্ডের টানা চতুর্থ হার। আর ২০১০ সালের জুলাইয়ের পর ঘরের মাঠে এই প্রথম টেস্ট জিতলো শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রঙ্গনা হেরাথের ক্যারিয়ার সেরা বোলিংয়ে গল টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এটা ইংল্যান্ডের টানা চতুর্থ হার। আর ২০১০ সালের জুলাইয়ের পর ঘরের মাঠে এই প্রথম টেস্ট জিতলো শ্রীলঙ্কা। স্পিন কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরনের শেষ টেস্টে ঘরে মাটিতে সর্বশেষ জিতেছিলো শ্রীলঙ্কা। এরপর ১৭ টেস্টে মাত্র একটিতে জয়ের মুখ দেখে তারা। হার ছয়টিতে এবং বাকিগুলোতে কোনো ফল আসেনি। দুই ইনিংসেই ৬ উইকেট করে ১৭১ রানে হেরাথের শিকার মোট ১২টি। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার জয়ের জন্য ইংল্যান্ডে প্রয়োজন ছিলো ২২৯ রান। হাতে ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১১১ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংল্যান্ড দলের সঙ্গে আর ৭ রান যোগ হতেই হারায় আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে (৩০)। তবে অন্য অপরাজিত ব্যাটসম্যান জনাথন ট্রট দলকে এগিয়ে নিতে থাকেন। ইয়ান বেল (১৩) দ্রুত ফিরে গেলেও ভালোভাবেই ট্রটকে সঙ্গ দিতে থাকেন ম্যাট প্রায়র। তারা যেভাবে খেলছিলেন তাতে টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল জয়ের স্বপ্ন দেখছিলো। প্রায়রকে থিরিমান্নের ক্যাচে পরিণত করে সফরকারীদের স্বপ্নে বড় আঘাত দেন হেরাথ। ৩ চারে ৮৮ বলে ৪১ রান করেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার চার বল আগেই অবশ্য বাউন্ডারি হাকিয়ে নিজের সপ্তম টেস্ট শতক তুলে নেন ট্রট। সেই সঙ্গে ইংল্যান্ডকে লড়াইয়ে টিকিয়েও রাখেন তিনি। তবে হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে ইংল্যান্ড। টেস্ট অভিষেক হওয়া সমিত প্যাটেল (৯) ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন তখন ইংল্যান্ডের স্কোর ২৫২। সেখান থেকে ২৬৪ রানে অলআউট তারা! শেষ ৩১ বলে ইংল্যান্ড তোলে ১১ রান, হারায় ৪ উইকেট। ৭৪ রান দিয়ে ইংল্যান্ডের বাকি ৪টি উইকেট তুলে নেন সুরাজ রনদ্বীপ। দুই ইনিংস মিলিয়ে তার উইকেট সংখ্যা ৬। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৩ এপ্রিল, কলম্বোয়। সংক্ষিপ্ত স্কোর ঃ শ্রীলঙ্কাঃ ৩১৮ ও ২১৪ ইংল্যান্ডঃ ১৯৩ ও ২৬৪ ফলঃ শ্রীলঙ্কা ৭৫ রানে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৩৬ ঘ.