ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রসন্ন জয়াবর্ধনের অপরাজিত অর্ধশতকের সুবাদে গল টেস্টে সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টে জয়ের জন্য শেষ দুই দিনে স্বাগতিকদের নিতে হবে ৮ উইকেট অন্য দিকে ইংল্যান্ডকে করতে হবে আরো ২২৯ রান।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১১১ রান করেছে ইংল্যান্ড। জোনাথন ট্রট ৪০ ও কেভিন পিটারসেন ২৯ রানে ব্যাট করছেন। তৃতীয় উইকেটে তারা ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তুলেছেন। সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস (২৭) ও অ্যালিস্টার কুক (১৪)।
জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এখন পর্যন্ত ভালো অবস্থানে থাকা ইংল্যান্ডের লড়তে হবে ইতিহাসের বিপক্ষেও। শেষ সাত টেস্ট ইনিংসের ছয়টিতেই ২৬০ রানের নিচে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।
চতুর্থ ইনিংসে ৩৩২ রানের ওপরে কোনো লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড নেই ইংল্যান্ডের। গলের পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগাতে পারে স্বাগতিকদের। এই মাঠে গত ১৮ টেস্টে কোনো দল চতুর্থ ইনিংসে ২৫৩ রানের বেশি করতে পারেনি। মাত্র ৯৬ রানের লক্ষ্য তাড়া করে জেতাটাই হয়ে আছে সর্বোচ্চ।
এর আগে ৫ উইকেটে ৮৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১২৫ রানের লিড নেয়ার ২০৯ রানে এগিয়ে থেকে খেলা শুরু করে দলটি। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল (৩১) ও সুরাজ রনদিভ (১৮) বেশিক্ষণ টেকেন নি।
১১৫ রানে ৭ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়া শ্রীলঙ্কাকে সে অবস্থান থেকে টেনে তুলেন প্রসন্ন। নবম উইকেটে চানাকা ওয়ালেগেদারার (১৩) সঙ্গে ৪০ ও দশম উইকেটে সুরাঙ্গা লাকমালের (১৩) সঙ্গে প্রসন্নর ৫১ রানের দারুণ দুটি জুটির সুবাদে দুশ পেরোয় শ্রীলঙ্কা।
প্রসন্নর ১২৩ বলে করা ৬১ রানের ইনিংসটি ৩টি করে চার ও ছক্কায় সাজানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪০ ঘ.
bdnews24