২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভাগত এগিয়ে রাখলেন ওল্ড ডিওএইচএসকে

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫ রানে হারিয়ে শিরোপা স্বপ্ন আরেকটু উজ্জ্বল করে তুলেছে ওল্ড ডিওইচএস। দিনের অন্য খেলায় মোহামেডানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫ রানে হারিয়ে শিরোপা স্বপ্ন আরেকটু উজ্জ্বল করে তুলেছে ওল্ড ডিওইচএস। দিনের অন্য খেলায় মোহামেডানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সও। ওল্ড ডিওএইচএস-শেখ জামাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুভাগত হোম চৌধুরীর অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ২৬৪ রান করে ওল্ড ডিওএইচএস। জবাবে শামসুর রহমান, মেহবার হোসেন জুনিয়র ও মুশফিকুর রহিমের তিনটি অর্ধশতকের পরেও ৮ উইকেটে ২৫৯ রান করে শেখ জামাল। লক্ষ্য তাড়া করতে নেমে মাইশুকুর রহমানের (৩৬) সঙ্গে শামসুরের ৮৮ রানের জুটি শেখ জামালকে ভালো সূচনা এনে দেয়। দলীয় ১০৭ রানে শামসুরের বিদায়ের পর দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান মেহরাব ও মুশফিক। তৃতীয় উইকেটে এ দুজন ৮২ রানের জুটি গড়ে দলকে চালকের আসনে নিয়ে আসেন। দলীয় ১৮৯ রানে মেহরাবের (৫৩) বিদায়ের পরপরই পথ হারায় শেখ জামাল। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে মুশফিকের (৫৮) বিদায়ের পর আরো চাপে পড়ে দলটি। শেষ দিকে মাহমুদুল হাসান (১৬), আরিফুল হক (১২) ও ডলার মাহমুদ (অপরাজিত ১২) চেষ্টা করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ওল্ড ডিওএইচএসের পক্ষে মোহাম্মদ আশরাফুল ও এনামুল হক জুনিয়র দুটি করে উইকেট নেন। এর আগে ৬৪ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় ওল্ড ডিওএইচএস। তৃতীয় উইকেটে সাঈদ আনোয়ারের (৪৯) শুভাগতর ১২৯ রানের জুটি দলকে বড় রানের ভিত গড়ে দেয়। দলীয় ২০১ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮৭ রান করেন শুভাগত। তার ৭৫ বলের ইনিংসে ৯টি চার ও দুটি ছক্কা। এরপর আদনান রাজার ৩৬ ও নুরুল হাসানের ২৫ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে ওল্ড ডিওএইচএস। ৪৫ রানে ৪ উইকেট নিয়ে তাপস বৈশ্য শেখ জামালের সেরা বোলার। মোহামেডান-গাজী ট্যাঙ্ক বিকেএসপির দুই নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নাঈম ইসলামের ৬৩ রানের পরও ৯ উইকেটে ১৭৩ রান করে মোহামেডান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। গাজী ট্যাঙ্কের পক্ষে মোহাম্মদ আজিম ৩২ রানে নেন ৪ উইকেট। জবাবে নাসির হোসেনের অপরাজিত ৯৬ রানের সুবাদে ৩৯ ওভার ৪ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক। নাসিরের ১০১ বলের ইনিংসে ৯টি চার ও দুটি ছক্কা। এছাড়া ৪০ রান আসে উসমান সালাউদ্দিনের ব্যাট থেকে। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে অমিত কুমার মোহামেডানের সবচেয়ে সফল বোলার। সুপার লিগের দ্বিতীয় পর্বের খেলা শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওল্ড ডিওএইচএস। ১৮ পয়েন্ট করে নিয়ে তার ঠিক পেছনেই রয়েছে ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্ক। ১২ পয়েন্ট নিয়ে শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে আবাহনী, মোহামেডান ও শেখ জামালের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪৭ ঘ.