২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয়

টি-টোয়েন্টিতে দেশের পক্ষে কাইরন পোলার্ডের দ্রুততম অর্ধশতকের পরও সেন্ট লুসিয়ায় প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার ব্রিজটাউনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 04:12 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টিতে দেশের পক্ষে কাইরন পোলার্ডের দ্রুততম অর্ধশতকের পরও সেন্ট লুসিয়ায় প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার ব্রিজটাউনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুদল। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে শেন ওয়াটসন ও মাইক হাসির অর্ধশতকের সুবাদে ১৮ ওভার ১ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি। রানের খাতা খুুলার আগেই ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজকে ভালো সূচনা এনে দেন কৃষমার সান্টোকি। দ্বিতীয় উইকেটে ১১ ওভার ৫ বলে ১০৮ রানের জুটি গড়ে সফরকারীদের জয়ের ভিত গড়ে দেন ওয়াটসন ও হাসি। গ্যারি মাথুরিনের বলে পোলার্ডের হাতে ধরা পড়ার আগে ৬৯ রান করেন ওয়াটসন। তার ৪৩ বলের ইনিংসটি ৫টি চার ও ৬টি ছক্কায় সাজানো। ওয়াটসন সাজঘরে ফিরে গেলেও অধিনায়ক জর্জ বেইলিকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাকি কাজটুকু সহজেই সারেন হাসি। ম্যাচ শেষে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৪৫ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা। ১১ বল হাতে রেখে পাওয়া জয়ে বেইলির অবদানও কম নয়। তার ১৭ বলে করা ২১ রানের ইনিংসে ২টি চার। এর আগে ব্যাট করতে নেমে ৩৮ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ড্যারেন ব্র্যাভোর (১২) সঙ্গে ২৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন নক্রুমাহ বোনের। ১৩ তম ওভারের প্রথম বলে দলীয় ৭২ রানে বোনেরও (২৪) সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিকরা। পঞ্চম উইকেটে ডোয়াইন ব্র্যাভোর (১৪) পোলার্ডের ৬২ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থানের দিকে নিয়ে আসে। ১৭ তম ওভারের শেষ বলে ড্যারেনের বিদায়ের পর শেষ ৩ ওভারে মাত্র ১৬ রান করে স্বাগতিকরা। অধিনায়ক ড্যারেন স্যামি (৭) ও কার্লটন বাফের (১) দ্রুত বিদায়ের পরও পোলার্ডের অপরাজিত ৫৪ রানের ইনিংসে সুবাদে দেড়শ রান করে স্বাগতিকরা। পোলার্ডের ২৬ বলের ইনিংসে ২টি চার ও ৫টি ছক্কা। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ড্যানিয়েল ক্রিস্টিয়ান অস্ট্রেলিয়ার সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০১১ ঘ.