ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেন উইলিয়ামসনের দ্বিতীয় শতকের সুবাদে বেসিন রিজার্ভে তৃতীয় টেস্ট ড্র করেছে নিউজিল্যান্ড। তবে হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট জেতার সুবাদে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
নির্বাসন থেকে ফেরার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ সিরিজের ৭টিই জিতেছে দক্ষিণ আফ্রিকা। কেবল ২০০৩-০৪ মৌসুমের সিরিজটি ড্র হয়।
প্রথম ইনিংসে ১৯৯ রানের লিড নেয়া দক্ষিণ আফ্রিকা মঙ্গলবার পঞ্চম দিনের খেলা শুরু করে বিনা উইকেটে ৭৫ রান নিয়ে। ২ রান যোগ করেই আলভিরো পিটারসেন (৩৯) বিদায় নিলে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি।
দলের রান একশ পেরুনোর পর বিদায় নেন অধিনায়ক গ্রায়েম স্মিথও (৪১)। তৃতীয় উইকেটে জেপি ডুমিনির সঙ্গে ৮ ওভার ২ বলে ৮৬ রানের জুটির গড়ে বোলারদের একটা সুযোগ এনে দেন এবি ডি ভিলিয়ার্স (৬৮)। ভিলিয়ার্সের ৪৯ বলের ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা। ডুমিনি অপরাজিত থাকেন ৩৩ রানে।
৩ উইকেটে ১৮৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের ১০ উইকেট নেয়ার জন্য ৮০ ওভারের বেশি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।
শুরু থেকেই কখনোই জয়ের জন্য ৩৮৯ রানের লক্ষ্যে ব্যাট করেনি স্বাগতিকরা।
মর্নে মরকেলের তোপের মুখে মাত্র ১ রানেই শূন্য হাতে সাজঘরের পথ ধরেন ড্যানিয়েল ফ্লিন ও ব্রেন্ডন ম্যাককালাম। তৃতীয় উইকেটে মার্টিন গাপটিলের (১৮) সঙ্গে ৩১ রানের জুটি গড়ে শুরু হয় উইলিয়ামসনের প্রতিরোধ পর্ব।
লড়াইটা হয়েছে মূলত মরকেলের সঙ্গেই। এক দিকে উইলিয়ামসন ধরে খেললেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে আঘাত হেনেছেন মরকেল।
চতুর্থ উইকেটে ডিন ব্রাউনলির (১৫) সঙ্গে ৫১ রানের আরেকটি ছোট কিন্তু কার্যকরী জুটি গড়েন উইলিয়ামসন। ৩৬ তম ওভারের শেষ দুই বলে ব্রাউনলি ও ড্যানিয়েল ভেট্টোরিকে (০) ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার স্বপ্নটা আরেকটু উজ্জ্বল করে তুলেন মরকেল।
তবে ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক ক্রুগার ভ্যান উইকের (৩৯) সঙ্গে উইলিয়ামসনের ৮০ রানের জুটি পরিস্থিতি সামাল দিয়ে ভালো অবস্থানে নিয়ে আসে নিউজিল্যান্ডকে। সপ্তম উইকেটে ডুগ ব্রেসওয়েলের (অপরাজিত ২০) সঙ্গে উইলিয়ামসনের অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটির সুবাদে হার এড়ায় স্বাগতিকরা।
ম্যাচ শেষে ১০২ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। তার ২২৮ বলের ইনিংসে ৯টি চার।
২৩ রানে ৬ উইকেট নিয়ে মরকেল দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৩৬ ঘ.
bdnews24