২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে রান জরিমানার আবেদন খারিজ

এশিয়া কাপের ফাইনাল খেলায় পাকিস্তানকে পাঁচ রান জরিমানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদন নাকচ করেছে এসিসি ও আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপের ফাইনাল খেলায় পাকিস্তানকে পাঁচ রান জরিমানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদন নাকচ করেছে এসিসি ও আইসিসি। ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে পাকিস্তানি বোলার আইজাজ চীমা ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছেন- এ অভিযোগে পাকিস্তানের স্কোর থেকে পাঁচ রান কেটে নিতে আইসিসি ও এসিসিতে এ আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে সোমবার বলা হয়, মাঠে থাকা আম্পায়ারদের কেউ বিষয়টি তোলেননি- এ যুক্তিতে বিসিবির আবেদন নাকচ হয়েছে। গত ২২ মার্চের শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে বাংলাদেশকে দুই রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক কুয়ালালামপুর থেকে বলেন, “আমরা বাংলাদেশের আবেদন পেয়েছি। তবে মাঠে থাকা আম্পায়ারদের কেউ বিষয়টি না তোলায় এ নিয়ে কিছু করার নেই।” ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) আবেদন নাকচ করেছে বলে জানান তিনি। সাবেক এ বাংলাদেশি ক্রিকেটার বলেন, “ফাইনাল খেলার সময়ই এ আবেদন করা যেত।” “আম্পায়ার এবং ম্যাচ রেফারি কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি ওখানেই শেষ হয়েছে।” পাকিস্তানকে পাঁচ রান জরিমানার জন্য আবেদনের কথা শনিবার জানান বিসিবির ক্রিকেট পরিচালন কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ। আবেদন বিবেচনায় নিয়ে জরিমানা হিসাবে পাকিস্তানের পাঁচ রান কাটা বা বাংলাদেশ দলের স্কোরে পাঁচ রান যোগ করার সিদ্ধান্ত এলে বাংলাদেশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বিবেচিত হতো। ওই ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান করেছিল ২৩৬ রান। জবাবে বাংলাদেশ ৫০ ওভারে করে ২৩৪ রান। পাকিস্তানের পাঁচ রান কমানো হলে তাদের স্কোর দাঁড়াত ২৩১। আর বাংলাদেশ পাঁচ রান পেলে স্কোর দাঁড়াত ২৩৯। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্লেয়িং কন্ডিশনের ৩৭ ধারায় এ আবেদন জানিয়েছিল বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১৮৪২ ঘ.