২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্যান্ডারের রেকর্ড, চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

পিটারসেন-ডুমিনি জুটির চমৎকার ব্যাটিংয়ের পর পেসার ভেরনন ফিল্যান্ডারের মারাত্মক বোলিংয়ে ওয়েলিংটন টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। সোমবার ফিল্যান্ডার একাই ৬ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দেন ২৭৫ রানে। দিনের বাকি সময়ে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ২৭৪ রানে এগিয়ে সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিটারসেন-ডুমিনি জুটির চমৎকার ব্যাটিংয়ের পর পেসার ভেরনন ফিল্যান্ডারের মারাত্মক বোলিংয়ে ওয়েলিংটন টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। সোমবার ফিল্যান্ডার একাই ৬ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দেন ২৭৫ রানে। দিনের বাকি সময়ে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ২৭৪ রানে এগিয়ে সফরকারীরা। ৮১ রানে ৬ উইকেট নেয়া ফিল্যান্ডার নতুন একটি রেকর্ডও গড়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই সবচেয়ে দ্রুত ৫০টি উইকেটের মালিক হন। প্রথম ইনিংসে বিনা উইকেটে ৬৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। নিজের নামের পাশে আরো ১০ রান যোগ হওয়ার পর ফিল্যান্ডার ও দক্ষিণ আফ্রিকার প্রথম শিকারে পরিণত হন ড্যানিয়েল ফ্লাইন (৪৫)। ফ্লাইন ব্যর্থ হলেও ঠিকই অর্ধশতক তুলে নেন আগের দিনের অপর অপরাজিত ব্যাটসম্যান মার্টিন গাপটিল। তবে সেটাকে বেশি দূর টেনে নিতে পারেননি। ৬টি চারে ১৫৬ বলে ৫৯ রান করেন তিনি। তার আগেই অবশ্য সাজঘরে ফেরেন ব্রেন্ডন ম্যাককালাম (৩১)। আঘাত পাওয়ায় অধিনায়ক রস টেলরকেও থামতে হয় ১৮ রানে। এছাড়া কেনি উইলিয়ামসন ৩৯ ও ড্যানিয়েল ভেট্টরি ৩০ রান করেন। এক সময় মনে হচ্ছিলো ফলোঅনে পড়তে যাচ্ছে নিউজিল্যান্ড। ফিল্যান্ডারের দুই বলে পরপর দুইটি চার মেরে সেই আশঙ্কা দূর করেন গিলেস্পি। কিন্তু পরের বলেই দশম ব্যাটম্যান হিসেবে গিলেস্পি (১০) আউট হয়ে গেলে রান আর বাড়েনি নিউজিল্যান্ডের। শেষ বিকালে ব্যাট করতে নেমে কোনো বিপদ ছাড়াই দিন শেষ করেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান আলভিরো পিটারসেন (৩৮*) ও গ্রায়েম স্মিথ (৩৪*)। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৪৭৪/৯ ও ৭৫/০ ( পিটারসেন ৩৮*, স্মিথ ৩৪*)। নিউজিল্যান্ড: ২৭৫ (ফ্লাইন ৪৫, গাপটিল ৫৯, ম্যাককালাম ৩১, টেলর ১৮*, উইলিয়ামসন ৩১, ব্রাউনলি ২৯, ভেট্টরি ৩০, ভন ৭, ব্রেসওয়েল ০, গিলেস্পি ১০, মার্টিন ২*; ফিল্যান্ডার ৬/৮১, স্টেইন ২/৪১, ডি ল্যাঙ্গে ১/৭৪) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮২০ ঘ.