ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুশফিকুর রহিমের শতকের সুবাদে ওয়াল্টন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের প্রথম পর্বের খেলায় ভিক্টোরিয়াকে ৯ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
দিনের অপর খেলায় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে ৫ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আর লিগের শীর্ষে থাকা ওল্ড ডিওএইচএসকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।
আবাহনী-গাজী ট্যাঙ্ক
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অলক কাপালী ও উসমান সালাউদ্দিনের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ২৩৯ রান করে গাজী ট্যাঙ্ক। জবাবে অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদ ও ফরহাদ হোসেনের অর্ধশতকের পরও ২৩৪ রানে অলআউট হয়ে যায় আবাহনী।
লক্ষ্য তাড়া করতে নেমে মাহমুদুল্ল¬াহ ও ফরহাদ ছাড়া আবাহনীর অন্য সব ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। মাহমুদুল্ল¬াহ ৭৮ ও ফরহাদ ৫১ রান করেন। এছাড়া আবুল হোসেন রাজু ২৩ রান করেন।
৬১ রানে ৪ উইকেট নিয়ে আলউদ্দিন বাবু গাজী ট্যাঙ্কের সবচেয়ে সফল বোলার।
এর আগে অলকের ৭৭, সালাউদ্দিনের ৬৫ ও মুমিনুল হকের ৩১ রানের সুবাদে আড়াইশ রানের কাছাকাছি স্কোর গড়ে গাজী ট্যাঙ্ক।
আবাহনীর পক্ষে রাজু ৬৯ রানে নেন ৩ উইকেট।
ওল্ড ডিওএইচএস-মোহামেডান
বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে আদনান রাজা ও জিয়াউর রহমানের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ২৫৪ রান করে ওল্ড ডিওএইচএস। জবাবে বাবর আজম ও নাঈম ইসলামের অর্ধশতকের সুবাদে ৪৮ ওভার ৫ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। লিগে এটি ওল্ড ডিওএইচএসের দ্বিতীয় হার।
লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানকে জয়ের ভীত গড়ে দেন আজম (৭২) ও রাজিন সালেহ (৩৯)। এরপর অধিনায়ক নাঈমের অপরাজিত ৬৩ রানের ইনিংসটির সুবাদে ৭ বল হাতে রেখেই সহজ জয় পায় মোহামেডান।
ওল্ড ডিওএইচএসের পক্ষে ফয়সাল হোসেন ও মোহাম্মদ আশরাফুল ২টি করে উইকেট নেন।
এর আগে রাজার ৫২, জিয়ার ৫১ ও আশরাফুলের ৩০ রানের সুবাদে আড়াইশ পেরোয় ওল্ড ডিওএইচএস।
মোহামেডানের পক্ষে নুর হোসেন ও মোহাম্মদ ওয়াহিদ ২টি করে উইকেট নেন।
ভিক্টোরিয়া-শেখ জামাল
মোহামেডানের কাছে ওল্ড ডিওএইচএস হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার দরজা খুলে গিয়েছিলো ভিক্টোরিয়া সামনে। তবে শেখ জামালের কাছে হেরে গিয়ে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দলটি।
ফতুল্ল¬ায় টস জিতে ব্যাট করতে নেমে মুশফিকের ১১৪ ও মাহমুদুল হাসানের ৭৪ রানের দারুণ দুটি ইনিংসের সুবাদে ৬ উইকেটে ২৮৭ রান করে শেখ জামাল।
ভিক্টোরিয়ার পক্ষে মোশারফ হোসেন ৪৮ রানে নেন ২ উইকেট।
জবাবে কামরান সাজিদের ৫০, জহুরুল ইসলামের ৪৪ ও সাকিব আল হাসানের ৩৩ রানের তিনটি ভালো ইনিংসের পরও ৪৯ ওভারে ২৭৮ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া।
শেখ জামারের পক্ষে আরাফাত সানি ও শামসুর রহমান শুভ ৩টি করে উইকেট নেন।
সুপার লিগের প্রথম পর্বের খেলা শেষে হেরেও ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওল্ড ডিওএইচএস। ১৬ পয়েন্ট নিয়ে ঠিক তার পেছনেই রয়েছে ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্ক। ১২ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াই থেকে বেশ পিছিয়ে পড়েছে আবাহনী, মোহামেডান ও শেখ জামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯০৭ ঘ.
bdnews24