ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগের ম্যাচ দুর্ভাগ্যক্রমে টাই হওয়ায় সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ হারালেও শুক্রবার সেন্ট লুসিয়ায় চতুর্থ ওয়ানডেতে আর কোনো ভুল করেনি ওয়েস্ট ইন্ডিজ। কাইরন পোলার্ডের ঝড়ো শতকের সুবাদে ওই দিন অস্ট্রেলিয়াকে ৪২ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেছে স্বাগতিকরা। সেই সঙ্গে প্রায় সতের বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯৫ সালে নিজেদের মাটিতে সর্বশেষ সিরিজ (৪-১ এ) জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। আর গায়ানায় ১৯৯৯ সালের সিরিজটি ৩-৩ ব্যবধানে ড্র হয়েছিলো।
৫টি চার ও ৮টি বিশাল ছক্কায় ৭০ বলে ১০২ রান করেন পোলার্ড।
বোশেজ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দুই উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লসের ৩৭ ও আড্রিয়ান বারাথের ৪১ রানের সুবাদে ৩ উইকেটে ১০৬ রান করে। এর ডোয়াইন ব্রাভো খালি হাতে ফিরলে ১০৬/৪ এ পরিণত হয় দলটি।
দলের ওই অবস্থায় মাঠে নামেন পোলার্ড। শুরুতে শান্তই ছিলেন তিনি। ধীরে ধীরে স্বমূর্তি ধারণ করেন মারকুটে এই ব্যাটসম্যান। বিশেষ করে ৪০তম ওভার থেকে তার ব্যাটে রীতিমত ঝড় ওঠে। আন্দ্রে রাসেল ও অধিনায়ক ড্যারেন স্যামিকে নিয়ে শেষ ১১ ওভারে ১৩৪ রান তুলে নেন তিনি। ব্রেট লির করা ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলটি উড়িয়ে মারতে গেলে বল অনেক উপরে উঠে যায়। দৌড়ে ডীপ কাভারে ক্যাচটি লুফে নেন মাইক হাসি। বাকি তিন বলে স্যামি দুইটি ছক্কা ও একটি চার হাঁকালে ৭ উইকেটে ২৯৪ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। স্যামি ৩টি চার ও ২টি ছক্কায় মাত্র ১৩ বলে অপরাজিত ৩১ রান করেন। এছাড়া ৪টি চারে ৩২ বলে ৩৪ রান করেন রাসেল।
অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নেন শেন ওয়াটসন, জাভিয়ের ডোহার্টি ও লি।
২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা একদমই ভালো হয়নি। দলীয় ৩ রানে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (১)। এরপর স্যামি-রাসেলের বোলিং তোপে ১১২ রানে ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ডেভিড হাসি ৫৪ বলে ৫৭ ও ব্রেট লি ক্যারিয়ার সর্বোচ্চ ৪৮ বলে ৫৯ রান করলেও তা দলের জয়ের বিন্দুমাত্র সম্ভাবনা জাগাতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন রাসেল, স্যামি, ডোয়াইন ব্রাভো ও কেমার রোচ।
একই মাঠে ২৫ মার্চ পঞ্চম ওয়ানডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৪২ ঘ.
bdnews24