২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতায় সিরিজ শেষ করলো অস্ট্রেলিয়া

সতের বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ে স্বপ্ন শেষ পর্যন্ত আর পূরণ হলো না। সেন্ট লুসিয়ায় রোববার পঞ্চম ও শেষ ওয়ানডেতে ড্যারেন স্যামির ঝড়ো ব্যাটিংয়ের পরও অস্ট্রেলিয়ার কাছে ৩০ রানে হেরে গেছে তারা। ফলে ২-২ সমতায় সিরিজ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সতের বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়ে স্বপ্ন শেষ পর্যন্ত আর পূরণ হলো না। সেন্ট লুসিয়ায় রোববার পঞ্চম ও শেষ ওয়ানডেতে ড্যারেন স্যামির ঝড়ো ব্যাটিংয়ের পরও অস্ট্রেলিয়ার কাছে ৩০ রানে হেরে গেছে তারা। ফলে ২-২ সমতায় সিরিজ শেষ হয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচটি টাই হয়েছিলো। বোশেজ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ঝড়ো সূচনা এনে দিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। বিশেষ করে ওয়ার্নারের ব্যাট তান্ডব চালায় প্রতিপক্ষ বোলারদের ওপর। ওই ঝড় থামান সুনীল নারায়ণ। ১০ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৬৯ রান করেন ওয়ার্নার। উদ্বোধনী জুটির ১১৮ রান অস্ট্রেলিয়াকে শক্ত ভীত এনে দেয়। তার উপর দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকেন ওয়াটসন ও পিটার ফরেস্ট। দলীয় ১৬১ রানে আন্দ্রে রাসেলের বলে মারলন স্যামুয়েলসকে ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক ওয়াটসন। ৮৯ বলে খেলা তার ৬৬ রানের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা। ফরেস্টও ৬৮ বলে ৫৩ রান করে সাঝঘরের পথ ধরেন। এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে কেমার রোচ ও রাসেলের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে ২৮১ রানে বেঁধে ফেলতে সক্ষম হয় তারা। ৬১ রানে ৪ উইকেট নেয়া রাসেল ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার। ৫৩ রান ৩ উইকেট শিকার করেন রোচ। ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২ রানে জনসন চার্লস ও মারলন স্যামুয়েলসকে হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমত দিশেহারা স্বাগতিকরা। এরমধ্যে আদ্রিয়ান বারাথ একাই করেন ৪২ রান। কার্লটন বাফ ১৩ ও আগের ম্যাচে ঝড়ো শতক করা কাইরন পোলার্ড ৩৩ রান করে আউট হয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ১১৮/৭। স্বাগতিকদের হার যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিলো তখনই ব্যাট হাতে মাঠে নামেন অধিনায়ক স্যামি। আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে মাত্র ৫৯ বলে ১০১ রান তুলে নিয়ে ইতিহাস গড়ার সম্ভাবনা জাগিয়ে তোলেন। ৩৩ বলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করা রাসেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জাভিয়ের ডোহার্টি। তবে স্যামি যেভাবে ব্যাট করছিলেন তাতে সিরিজ হেরে যাওয়ার আশঙ্কায় পড়ে গিয়েছিলো সফরকারীরা। শেষ পর্যন্ত তাদের সব দুশ্চিন্তার অবসান ঘটান বেন হিলফেনহস। স্যামিকে মাইকেল হাসির ক্যাচে পরিণত করে ম্যাচে নিজের একমাত্র উইকেটটি তুলে নেন তিনি। ৪৭ ওভার ২ বলে ২৫১ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৬ ছক্কা ও ৬ চারে ৫০ বলে ৮৪ রান করা স্যামি ম্যাচ সেরা হন। অস্ট্রেলিয়ার পক্ষে ব্রে লি ৩টি এবং ক্লিন্ট ম্যাকে, শেন ওয়াটসন ও জাভিয়ের ডোহার্টি ২টি করে উইকেট শিকার করেন। সিরিজ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭০০ ঘ.