২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন বিশ্বকাপ জয় করবই: শেখ হাসিনা

এশিয়া কাপের ফাইনালে সামান্য ব্যবধানে হারলেও ক্রিকেটারদের লড়াইয়ে উজ্জীবিত প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপের ফাইনালে সামান্য ব্যবধানে হারলেও ক্রিকেটারদের লড়াই করার মানসিকতায় উজ্জীবিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জয়ের। শুক্রবার অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “অল্পের জন্য (এশিয়া কাপে) পারলাম না, মাত্র দুই রানের জন্য। তবে একদিন আমরা বিশ্বকাপ জয় করবই।” অফিসার্স ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আগের দিনই এশিয়া কাপের ফাইনালে স্টেডিয়ামে গিয়ে ক্রিকেটারদের উৎসাহ যুগিয়েছিলেন প্রধানমন্ত্রী। এশিয়া কাপে এই প্রথমবার ফাইনালে উঠল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর খেলায় পাকিস্তানের কাছে ২ রানে হেরে রানার আপ হয়েছে মুশফিকুর রহিমের বাহিনী। শেখ হাসিনা ফাইনাল শুরুর কিছু সময় পরই মাঠে যান। মাঝে অন্য একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পরে আবার স্টেডিয়ামে ফিরে শেষ পর্যন্ত খেলা দেখেছিলেন। টুর্নামেন্টে আগে বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলাও মাঠে বসে দেখেছিলেন শেখ হাসিনা। ভারত ও শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দনও জানিয়েছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩০ ঘ.