ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপ জিততে পাকিস্তানের বিপক্ষে ২৩৭ রান করতে হবে বাংলাদেশকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৬ রান করে পাকিস্তান।
ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ১৬ রানে সাজঘরের পথ ধরেন নাসির জামশেদ (৯)। পঞ্চম ওভারে মাশরাফি বিন মর্তুজার স্লোয়ার বুঝতে না পেরে কাভারে মাহমুদুল্লাহর হাতে সহজ ক্যাচ দেন জামশেদ।
পরের ওভারেই আঘাত হানেন নাজমুল হোসেন। ইউনুস খানকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পাকিস্তানকে নিখুঁত লাইন-লেন্থে বল করে আরো অস্বস্তি¡ আরো বাড়ান মাশরাফি ও নাজমুল।
দ্বাদশ ওভারে নাজমুলের বদলে বল করতে এসে আরো হিসেবী আব্দুর রাজ্জাক। ৭ ওভারের প্রথম স্পেলে ৩টি মেডেন নিয়ে মোটে ১১ রান দিয়ে তুলে নেন উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজের (৪০) উইকেট।
এর আগেই অবশ্য নাসির হোসেনের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে বিদায় নেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। পয়েন্টের দিকে বল ঢেলে দিয়ে একটি রান নিতে চেয়েছিলেন মিসবাহ, কিন্তু দ্বিধা-দ্বন্দ্বে ভুগে এক মুহূর্তের জন্য গতি কমিয়েছিলেন। সেটাই শেষ পর্যন্ত কাল হয় তার জন্য, সুযোগ কাজে লাগাতে ভুল করেন নি নাসির।
২২ তম ওভারে পাকিস্তানের স্কোর দাড়ায় ৭০/৪। পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়ে সেখান থেকে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান উমর আকমল ও হাম্মাদ আজম। বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন সাকিব আল হাসান।
সাকিবের বল স্লগ সুইপ করতে গিয়ে তাকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন আজম (৩০)। পরের ওভারেই আকমলকে (৩০) ফেরান মাহমুদুল্লাহ। এর আগে ২৯তম ওভারের শেষ বল করার সময় অ্যাঙ্কেলে চোট পান নাজমুল হোসেন।
১৩৩ রানের মধ্যে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন শহিদ আফ্রিদি। ২৬ তম ওভারে পঞ্চম বোলার হিসেবে বল করতে এসে টানা বল করে যাওয়া সাকিবই ফেরান আফ্রিদিকে। ফুলটস বল এগিয়ে এসে মারতে গিয়ে মিডউইকেটে নাসিরের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি।
এর পর সাঈদ আজমল (৪) ও উমর গুলের (৪) দ্রুত বিদায় দলের বিপদ বাড়ায় আরো। তবে দশম উইকেটে আইজাজ চিমার সঙ্গে সরফরাজ আহমেদের ৩০ রানে অবিচ্ছিন্ন জুটির সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে পাকিস্তান। এর মধ্যে শাহাদাত হোসেনের করা ৫০ তম ওভারে তারা নেন ১৯ রান।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন রাজ্জাক, সাকিব ও মাশরাফি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ওভারে (হাফিজ ৪০, জামশেদ ৯, ইউনুস ১, মিসবাহ ১৩, আকমল ৩০, আজম ৩০, আফ্রিদি ৩২, সরফরাজ ৪৬*, গুল ৪, আজমল ৪, চিমা ৯; রাজ্জাক ২/২৬, সাকিব ২/৩৯, মাশরাফি ২/৪৮, মাহমুদুল্লাহ ১/১৬, নাজমুল ১/৩৬)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫০ ঘ.
bdnews24