২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনের চোখে বিজয় দেখছেন সুজন

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, এশীয় ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশই জিতে নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিহাস গড়ার সুযোগের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশই যে শেষ পর্যন্ত এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নেবে- সে বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার বিশ্বাস, বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে সেই অধরা শিরোপা ছিনিয়ে নেবেন মুশফিকরা। আর বাংলাদেশের ছেলেদের সে যোগ্যতা আছে বলেই মনে করেন তিনি। সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত কয়েকটি ম্যাচের ধারাবাহিক পারফরম্যান্সই আমাদের আশাবাদী করে তুলেছে। ফাইনালে উঠে বাংলাদেশ প্রমাণ করেছে- তারা এখন আর হঠাৎ জয় পাওয়ার দল নয়।” সাবেক এই অধিনায়কের মতে, বর্তমান বাংলাদেশ দলের প্রতিটি বিভাগই শক্তিশালী। “ব্যাটসম্যানরা ভালো করছেন। খারাপ করছে না বোলারাও। ফিল্ডিংও ভালো হচ্ছে। তাই প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব হচ্ছে,” বলেন সুজন। তাছাড়া দলের সবাই নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করার চেষ্টা করছেন বলেই মনে করেন তিনি। এই ক্ষেত্রে আলাদা করে কারো প্রশংসা কারার কিছু তিনি দেখছেন না। “কখনো সাকিব, কখনো তামিম ব্যাট হাতে ভালো করছেন। বল হাতে মাশরাফি ও রাজ্জাকও কম ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন না। সাবার মিলিত চেষ্টায় এই ফল পায়েছে বাংলাদেশ। এমনি করে ফাইনালেও নিজেদের উজাড় করে দিতে হবে,” বলেন সুজন। তবে পাকিস্তানের বোলিং বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে বলেও সতর্ক করেছেন এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, “সঈদ আজমল এবং ওমর গুল খুবই পরিণত বোলার। এই দুইজনকে সামলাতে পারলে বাকি কাজটা সহজ হয়ে যাবে।” তবে পাকিস্তানের ব্যাটসম্যানদেরও খাটো করে দেখছেন না সুজন। ওমর আকমল দারুণ ফর্মে আছেন। অন্যেরাও খারাপ করছেন না। সব মিলিয়ে পাকিস্তান দল খুবই ভারসম্যপূর্ণ বলেই মনে করছেন তিনি। “তারপরও আমার বিশ্বাস বাংলাদেশ জিতবে,” বলেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ের নায়ক সুজন। তার মতে, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/১২১৯ ঘ.