ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রীতিমতো সোনার হরিণ হয়ে উঠেছে এশিয়া কাপের ফাইনালের টিকেট। চারদিকে টিকেটের জন্য হাহাকার। বুধবার বিকেল থেকেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেটে ছিলো টিকেট সন্ধানীদের ভীড়। যে করেই হোক একটা টিকেট তাদের চাই।
সন্ধ্যার পর থেকে প্রতি মুহূর্তে ভীড় বাড়ে স্টেডিয়াম এলাকায়। তখন পুরো স্টেডিয়াম অবশ্য ঢেকেছিলো নিরাপত্তার চাদরে।
এশিয়া কাপে স্টেডিয়ামে টিকেট বিক্রির কোনো কেন্দ্র নেই। সব ম্যাচের টিকেট বিক্রি হয়েছে সিটি ব্যাঙ্কের বিভিন্ন শাখার মাধ্যমে।
মিরপুরের বাসিন্দা আশেক মাহমুদ আর তানভীরুল ইসলাম। টিকেটের জন্য হন্যে হয়ে ঘুরছেন দুজনই। টিকেট নেই জেনেও এসেছেন স্টেডিয়ামে। যদি ‘ব্ল্যাক’-এ কোনো টিকেট মেলে!
সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতিহাস গড়তে চলেছে আমাদের দামাল ছেলেরা। আমি তার অংশ হতে চাই। বিদ্যুতের কোনো ঠিক নেই, কখন আসবে-যাবে কেউ জানে না। এই খেলা ‘মিস’ করা যাবে না কিছুতেই। যে করেই হোক, যত টাকা লাগুক টিকেট আমার চাই।”
সন্ধ্যায় অফিস শেষ করে স্টেডিয়াম পাড়ায় চলে আসেন øেহাশীষ চৌধুরী। তিনি বলেন, “কাল (বৃহস্পতিবার) খেলা বলে আজ টিকেটের আশায় আগেই অফিস থেকে বেরিয়ে পড়েছি। আশা করছি একটা টিকেট যোগাড় করে ফেলতে পারবো। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোর পর থেকেই ফাইনালের টিকেট খুঁজছি।”
ছেলে-মেয়ে বায়না ধরেছে খেলা দেখবে। মানা করতে পারেননি বাবা আহসান হাবিব। কিন্তু ব্যাঙ্কে গিয়ে শোনেন টিকেট নেই। কার কাছে যেন শুনেছেন একটু বেশি টাকায় হলেও স্টেডিয়ামের গেটে টিকেট পাওয়া যায়। বিকেল ৫টার দিকে এসে খুঁজতে শুরু করলেও রাত ৮টা পর্যন্ত টিকেটের কোনো সন্ধান মেলেনি।
আহসান হাবিব জানালেন, “টিকেট নয়, যেন সোনার হরিণ খুঁজছি। ভাবছি সন্তানদের গিয়ে কী বলবো।”
বিসিবির কর্মকর্তা-কর্মচারীরাও ভীষণ অস্বস্তিতে। তাদের কাছে একের পর এক ফোন আসছে। দাবি একটাই, ফাইনালের টিকেট চাই। বাধ্য হয়ে অনেকে মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩২ ঘ.
bdnews24