২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ওয়ানডে নাটকীয় টাই

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে শেষ হয়েছে নাটকীয় টাইয়ে। কেমার রোচের ভুলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ম্যাচটি হাতছাড়া হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। ৫ ম্যাচের সিরিজে তাই ১-১ সমতাই রইলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে শেষ হয়েছে নাটকীয় টাইয়ে। কেমার রোচের ভুলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া ম্যাচটি হাতছাড়া হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। ৫ ম্যাচের সিরিজে তাই ১-১ সমতাই রইলো। মঙ্গলবার কিংসটাউনের আরনস ভেল গ্রাউন্ডে জয়ের জন্য শেষ ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিলো ৭ রান। ব্রেট লির প্রথম দুই বলে এক রান করে নেন ড্যারেন স্যামি ও রোচ। তৃতীয় বলে চার মেরে দুদলের স্কোর সমান করে দেন স্যামি। কিন্তু চতুর্থ বল পয়েন্টে ঠেলে স্যামি দেখেন অন্য প্রান্তে থাকা রোচ রানের জন্য ছুটতে শুরু করেছেন। দৌড় শুরু করেন স্যামিও। তবে হঠাৎই মাঝপথে থেমে নিজের প্রান্তের দিকে ঘুরতে গিয়ে দেখেন তাকে অতিক্রম করে ফেলেছে রোচ। বাধ্য হয়ে আবার দৌড় শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জর্জ বেইলি পয়েন্ট থেকে বল কুড়িয়ে ছুড়ে দেনে লির হাতে। লি উইকেট ভাঙ্গার সঙ্গে-সঙ্গে প্রায় হারা ম্যাচ টাই করার আনন্দে মেতে ওঠে অস্ট্রেলীয়রা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাইকেল হাসির ৬৭ ও জর্জ বেইলির ৫৯ রানের পরও ৪৯.৫ ওভারে ২২০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৩২ বলে ৩ উইকেট নিয়ে সুনীল নারায়ণ ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার। ২২১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ক্যারিবীয়রা। জনসন চার্লস (৪৫) ছাড়া প্রথম ৫ ব্যাটসম্যানের আর কেউ সুবিধা করে উঠতে পারেননি। এরপর কাইরন পোলার্ডের ৩৬, কার্লটন বাফের ৩৩ ও আন্দ্রে রাসেলের ৩৭ রানের সুবাদে ম্যাচে ফেরে স্বাগতিকরা। শেষ দিকে স্যামি (১৪ বলে ১০) ও নারায়ণ (১০ বলে ১০) জিতিয়েই দিচ্ছিলো তাদের। কিন্তু রোচের ভুল ভেঙ্গে দিয়েছে জয়ের আশা। ৩০ রানে ৩ উইকেট নিয়ে শেন ওয়াটসন বল হাতে অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে সফল। চতুর্থ ওয়ানডে হবে শুক্রবার, সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়ামে। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪৯.৫ ওভারে ২২০ (ওয়াটসন ১০, ওয়ার্নার ৩৭, ওয়েড ২, বেইলি ৫৯, মাইক হাসি ৬৭, ডেভিড হাসি ১৫, ক্রিস্টিয়ান ১২, লি ০, ম্যাকে ০, ডোহার্টি ০, লিওন ৪*; নারায়ণ ৩/৩২, স্যামুয়েলস ২/৩৯, রোচ ২/৪২, স্যামি ১/২৭) ওয়েস্ট ইন্ডিজ: ৪৯.৪ ওভারে ২২০ (পাওয়েল ১২, চার্লস ৪৫, স্যামুয়েলস ২, ড্যারেন ব্রাভো ০, ডোয়াইন ব্রাভো ১৩, পোলার্ড ৩৬, বাফ ৩৩, রাসেল ৩৭, স্যামি ১০, নারায়ণ ১০, রোচ ৯*; ওয়াটসন ৩/৩০, ডোহার্টি ২/৩০, ম্যাকে ২/৫০, লিওন ১/৪১, লি ১/৫২) ফল : ম্যাচ টাই ম্যাচ সেরা: মাইক হাসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১৮ঘ.