২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে তীব্র লড়াই হবে: ইউনুস খান

পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান মনে করেন, ফাইনালে বাংলাদেশের সঙ্গে তাদের তীব্র লড়াই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান মনে করেন, ফাইনালে বাংলাদেশের সঙ্গে তাদের তীব্র লড়াই হবে। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, “যোগ্য দল হিসেবেই বাংলাদেশ ফাইনালে উঠেছে। একটি ভালো দলের সব গুণাবলীই তাদের মধ্যে আছে।” “বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে। তারা বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। বাংলাদেশের খেলা দেখে আমি বিস্মিত নই, ” যোগ করেন তিনি। ফাইনালের জন্য পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত। তবে ইউনুস খানের ধারণা, বৃহস্পতিবার তীব্র লড়াই হবে দুদলের মধ্যে। তিনি বলেন, “ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং শেষ পর্যন্ত জয় পাবে সেরা দলটিই।” বাংলাদেশের খেলার ধরণে অনেক পরিবর্তন এসেছে বলে মনে করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি বলেন, “বাংলাদেশ এখন অনেক আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। তাদের শরীরী-ভাষাও পাল্টে গেছে। বাংলাদেশের কোচ স্টুয়ার্ট লয়ের কোচিং-দর্শনই হয়তো এমন। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগেই তরা শতভাগ উজাড় করে দিচ্ছে।” “আসলে বাংলাদেশ দল এখন কোনো একজনের ওপর নির্ভরশীল নয়। তামিম ইকবাল ও সাকিব আল হাসান ভালো খেলছেন ঠিকই, তবে সতীর্থদের কাছ থেকেও ভালো সহায়তা পাচ্ছেন তারা,” যোগ করেন ইউনুস। তার কথায় বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাসির হোসেনের ভালো খেলার ইঙ্গিত। ইউনুসের মতে লক্ষ্য তাড়া করে জেতার সামর্থ্য বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র। তিনি বলেন, “ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে তারা লক্ষ্য তাড়া করে জিতেছে। আমাদের সঙ্গেও লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল। এটা তাদের একটা বড় শক্তি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪১ঘ.