২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণীয় ফাইনাল চায় বাংলাদেশ

চার বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 06:57 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ। ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ম্যাচসেরা সাকিব আল হাসান এলেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে সঙ্গে নিয়ে। মঙ্গলবার ছিল বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান তামিমের ২৩তম জন্মদিন। এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে প্রথমে রাখা হয়নি তামিমকে। এ নিয়ে টানাপোড়েন শেষে দলে নেওয়া হয় তাকে। টুর্নামেন্টে তিন ম্যাচে পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন অর্ধশতক তুলে নেওয়া তামিম নিজেকে নির্ভার মনে করছেন। তিনি বলেন, “নিজেকে নির্ভার লাগছে। প্রথমে তো এশিয়া কাপের দলেই ছিলাম না। পরে এসে রান পেয়েছি। এখন খুব ভালো লাগছে।” “দলের পরিকল্পনা অনুযায়ী ব্যাট করেছি। উইকেটে থাকতে চেয়েছি,” নিজের ইনিংস সম্পর্কে বলেন তামিম। পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার পর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে একাদশ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ফাইনালটিকেও স্মরণীয় করে রাখতে চান তিনি। তিনি বলেন, “আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। আশা করছি ফাইনালটাকেও স্মরণীয় করে রাখতে পারব।” তামিমের সুরে সুর মিলিয়ে সাকিবও বলেছেন, ফাইনালটাকে স্মরণীয় করে রাখতে চান তারা। তিনি বলেন, “পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে হারলেও ওই ম্যাচই আমাদের আত্মবিশ্বাসী করে তোলে।” “পরের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হারানোর পর মনে হচ্ছিল শ্রীলঙ্কাকেও হারানো সম্ভব। এখন সামনে আর একটি ম্যাচ।” “আমরা ওই ম্যাচটিকেও স্মরণীয় করে রাখতে চাই,” বলেন সাকিব। মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি তাদের জন্য বাড়তি অনুপ্রেরণা ছিল বলে মনে করছেন সাকিব। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মাঠে এসেছেন জানার পর আমরা বাড়তি অনুপ্রেরণা পেয়েছি। তবে আমরা যখনই মাঠে নেমেছি, দেখেছি পুরো জাতি আমাদের পেছনে ছিল।” “কখনো কখনো এমন হয়েছে, আমরা একটা ম্যাচ ভালো খেলে ধারাবাহিকতা হারিয়ে ফেলি। এবার কিন্তু তা হয়নি, পরপর তিন ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। “এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।” বৃষ্টির পর ১০ ওভারে কাটা পড়লেও রান কমে কেবল ২১। তারপরও জেতার আত্মবিশ্বাস ছিল বলে জানান সাকিব। তিনি বলেন, “বিপিএলে খেলার কারণে, এ ধরনের লক্ষ্য তাড়া করে আমরা অভ্যস্ত ছিলাম।” নাসির হোসেন ও মাহমুদুল্ল¬াহর ব্যাটিংকে ‘দারুণ’ অভিহিত করে সাকিব বলেন, “নাসির শুরু থেকেই ভালো করছেন। রানে না থাকায় চাপে ছিলেন রিয়াদ ভাই (মাহমুদুল¬াহ)। “আজ দারুণ একটা ইনিংস খেলেছেন, সেই সঙ্গে নাসিরকে খেলিয়েছেনও।” জয়ের প্রশংসা বাংলাদেশকে দিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। টানা তিন ম্যাচে ধারাবাহিকতা ধরে রেখেছে বলে মনে করছেন তিনি। মাহেলা বলেন, “বাংলাদেশ এর আগেও আমাদের হারিয়েছে। তবে এবারের হারটা ভিন্ন। তারা পরপর তিন ম্যাচে ভালো খেলেছে। “জয়টা তাদের প্রাপ্য ছিল। আশা করি এই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারবে।” পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ফাইনালটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন শ্রীলঙ্কার অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/০০৫১ ঘ.