ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপে শ্রীলঙ্কাকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে বাংলাদেশের জয়ের পর এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান। বাংলাদেশের ক্রিকেট দল তাদের ক্রীড়া নৈপুণ্য দিয়ে এশিয়া কাপ জয় করবে বলেও আশা প্রকাশ করেন খালেদা।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, বিরোধীদলীয় নেতা টেলিভিশনে খেলা দেখেছেন।
“তিনি সংসদে বক্তব্য দিয়ে দ্রুত বাসায় এসে বাংলাদেশ দলের খেলা দেখেন।”
এদিন রেকর্ড এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দিয়েই খালেদা সংসদ অধিবেশন ছেড়ে যান।
তার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন। সেখান থেকে সরাসরি তিনি মিরপুর স্টেডিয়ামে গিয়ে বাংলাদেশের ইনিংস দেখেন।
এশিয়া কাপের চার বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে মঙ্গলবার রাতে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার ফাইনালে ওঠে বাংলাদেশ।
বৃহস্পতিবার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।
মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৪৯ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ২৩২ রান করে। জিততে হলে বাংলাদেশকে করতে হতো ২৩৩ রান।
কিন্তু শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পরপর ৩০ মিনিটের বৃষ্টির কারণে বাংলাদেশের ইনিংস শুরু হয় এক ঘণ্টা ৫০ মিনিট দেরিতে।
ফলে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২১২ রান। ইনিংসের ১৭ বলা বাকি থাকতেই ৫ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম এবং ৩০ ওয়ানডেতে তৃতীয় জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩২১ ঘ.
bdnews24