২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাটকে দায়ী করলেন আমির

ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১০ সালের লর্ড টেস্টে নিজের করা নো বলের জন্য ওই সময়ের পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান বাট ও এজেন্ট মাজহার মজিদকে দায়ী করেছেন পাকিস্তানের বহিষ্কৃত ফাস্ট বোলার মোহাম্মদ আমির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 08:52 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১০ সালের লর্ড টেস্টে নিজের করা নো বলের জন্য ওই সময়ের পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান বাট ও এজেন্ট মাজহার মজিদকে দায়ী করেছেন পাকিস্তানের বহিষ্কৃত ফাস্ট বোলার মোহাম্মদ আমির। সোমবার স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই অভিযোগ করেন আমির। স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন ১৯ বছর বয়সী আমির। তাকে তিনমাস ব্রিটেনের ‘তরুণ অপরাধ সংশোধন’ প্রতিষ্ঠানে থাকতে হয়েছে। এরপর গত ফেব্রুয়ারিতে দেশে ফিরেছেন তিনি। কিন্তু এখনো ব্রিটেনে কারাবাস করছেন করছেন সালমান বাট, মজিদ ও পেস বোলার মোহাম্মদ আসিফ। সাক্ষাৎকারে আমির জানান, ২০১০ সালে ব্রিটেনে ওই সফরের সময় আলি নামে পরিচয় দেওয়া এক ব্যবসায়ীকে নিজের ব্যাঙ্ক বিষয়ক সব তথ্য সরবরাহ করেন তিনি। তবে আলির কাছে ক্ষুদে বার্তা পাঠিয়ে একাউন্ট সম্পর্কিত তথ্য চাওয়ার কারণ জানতে চেয়েছেন বলেও জানান তিনি। লর্ড টেস্টের আগের দিন মাজহার আমিরকে তার গাড়িতে গিয়ে সাক্ষাৎ করতে বলেন। মাজহারের গাড়িতে যাওয়ার পর বাটও সেখানে আসেন। গাড়িতে মাজিদ তাকে বলেন, আলির কাছে পাঠানো আমিরের ক্ষুদে বার্তা ও ফোন কলের বিষয়ে তদন্ত করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), তবে তদন্ত থামানো যাবে যদি পরের দিন লর্ড টেস্টে আমির দুইটি নো-বল করে। এছাড়া, অনুশীলনের সময় অধিনায়ক বাটও তাকে নো-বল করা অভ্যাস করতে বলেন বলে জানান আমির। এসব চলার সময় তাকে কোনো আর্থিক প্রস্তাব দেওয়া হয়নি বলে জানান আমির। তবে টেস্টের প্রথম দিন নো-বল করার পর সন্ধ্যায় মাজিদ তার রুমে এসে ১৫শ’ পাউন্ড দিয়ে যায়, জানান তিনি। “সে খুব খুশি ছিল। আমি জানতাম সে কেন খুশি,” বলেন আমির, “কেউ এতো বোকা না যে বুঝবে না সে নো বল করার বিনিময়ে টাকা পাচ্ছে আর ঘটনাটি কি? এটা অবশ্যই খেলা নিয়ে বাজির কোনো বিষয়।” তবে আলির সঙ্গে সম্পর্কের বিষয়ে তদন্তের কথাটি যে ধোঁকা তা ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ডে’ ঘটনার বিস্তারিত প্রকাশের পর জানতে পারেন বলে জানান তিনি। এছাড়া আসিফের নো বল করার বিষয়েও তিনি কিছু জানতেন না বলে দাবি করেন আমির। টাকার জন্য নয় বরং আলির কাছে করা ফোন কল ও ক্ষুদে বার্তা নিয়ে তদন্তের ভয়েই নো বল করেন বলে দাবি করেন তিনি। “আমাকে কিভাবে ব্যবহার করা হলো? কিভাবে আমি এমন একটি কাজ করতে পারলাম? কিভাবে আমি প্রতারিত হলাম?,” বলেন আমির। “কেন তারা আমার সঙ্গে এমন করলো? আমি এখনো বুঝতে পারছি না। যাই হোক, আমি কখনো টাকার জন্য এ কাজ করিনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৩ ঘ.