ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপ ফাইনাল আর বাংলাদেশের সামনে শেষ বাধা শ্রীলঙ্কা। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় লিগ পর্বের ষষ্ঠ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
৩ ম্যাচে দুই জয়ের সুবাদে ভারতের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান খেলায় বোনাস পয়েন্টসহ পাকিস্তানের ৯ পয়েন্ট। তাই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের।
দুই ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট ৪। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া শ্রীলঙ্কার পয়েন্টের ঘরে শূন্য। শ্রীলঙ্কাকে হারালে ভারতের সমান ৮ পয়েন্ট হবে বাংলাদেশের। তবে ‘হেড টু হেড’ অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে জয়ের সুবাদে বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলে বাংলাদেশই চলে যাবে ফাইনালে।
এশিয়া কাপের আগের দশটি আসরের সবগুলোর ফাইনালে খেললেও শ্রীলঙ্কাকে এবারই প্রথম বিদায় নিতে হচ্ছে লিগ পর্ব থেকে। চার বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে ১০টি লড়াইয়ের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটো জয়ের সুখস্মৃতি এবং গত শুক্রবার ভারতকে হারানোর উচ্ছ্বাস অনুপ্রেরণা জোগাচ্ছে স্বাগতিকদের।
শ্রীলঙ্কাকে হারিয়ে এর আগেও একটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। ২০০৯ সালের ১৪ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেই সেই জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান (৬৯ বলে অপরাজিত ৯২ রান) এবং ঐ ম্যাচে অভিষিক্ত পেসার রুবেল হোসেন (৪/৩৩)।
মঙ্গলবার সেদিনের জয়োল্লাসের পুনরাবৃত্তি দেখা যাবে কি না জানতে চাইলে সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানালেন ঐ ম্যাচে তিন উইকেট নেয়া মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, “অতীতের ঘটনা নিয়ে ভেবে লাভ নেই। কাল (মঙ্গলবার) সম্পূর্ণ নতুন একটি ম্যাচ।”
“শ্র্রীলঙ্কাকে হারালেই ফাইনাল। তবে খেলোয়াড়রা কোনো রকম চাপ নিচ্ছেন না। আগের দুই ম্যাচে আমরা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। এই ম্যাচেও জয়ের লক্ষ্যেই খেলবো,” যোগ করেন মাশরাফি।
সোমবার বাংলাদেশের অনুশীলন শেষে মাশরাফি বলেন, “পাকিস্তান ও ভারতের বিপক্ষে ভালো খেলে আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আশা করি শ্রীলঙ্কার সঙ্গেও ভালো খেলবো।”
তবে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের কাছে হারলেও শ্রীলঙ্কাকে একেবারেই দুর্বল দল মনে করেন না বাংলাদেশের সেরা পেসার মাশরাফি। তিনি বলেন, “শিরোপা জেতার মতো দল নিয়েই খেলতে এসেছিলো শ্রীলঙ্কা। দুই ম্যাচের কোনোটিতেই তারা জিততে পারেনি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে শ্রীলঙ্কা দুর্বল দল। তাদের হারাতে হলে আমাদের সেরা ক্রিকেটের চেয়েও ভালো কিছু করতে হবে।”
‘সেরা ক্রিকেটের চেয়েও ভালো’ খেলার মতো অবস্থায় বাংলাদেশ আছে বলেও মনে করেন মাশরাফি। তিনি বলেন, “আমরা এখন খুব ভালো অবস্থায় আছি। তামিম ইকবাল ছন্দে ফিরেছেন। সাকিব আল হাসান তো ধারাবাহিকভাবেই ভালো খেলছেন। নাসির হোসেন অভিষেকের পর থেকেই ভালো ব্যাট করছেন। নাজিমউদ্দিনও এক ম্যাচে ভালো খেলেছেন।”
“উইকেট থেকে তেমন সাহায্য না পেলেও শ্রীলঙ্কাকে ২৬০ থেকে ২৭০ রানের মধ্যে বেঁধে ফেলার সামর্থ্য আমাদের বোলারদের আছে। তিন শ রানের বেশি লক্ষ্য তাড়া করে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। তাই এই রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকে রাখতে পারলে আমাদের ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে,” যোগ করেন মাশরাফি।
টানা দুই ম্যাচ হেরে এই প্রথম খালি হাতে এশিয়া কাপ থেকে ফিরতে হচ্ছে বলে ভীষণ হতাশ শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তিনি বলেন, “এটা আমাদের জন্য হতাশার টুর্নামেন্ট। আমরা চাই শেষ ম্যাচ জিতেই দেশে ফিরতে।”
“বাংলাদেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল। এই মুহূর্তে খুবই ভালো খেলছে তারা। ওদের বিপক্ষে জিততে হলে আমাদের খুবই ভালো খেলতে হবে,” যোগ করেন তিনি।
জয়াবর্ধনে বলেন, “বাংলাদেশ দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। ম্যাচ জেতানোর সামর্থ্যও তাদের আছে।”
অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিবি সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচেও মঙ্গলবারের মতো পরিস্থিতি ছিল। ঐ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কা হেরে গেলে ফাইনালে চলে যেতো ভারত।
আর এশিয়া কাপে শ্রীলঙ্কা বাংলাদেশকে হারালে ফাইনালে চলে যাবে ভারত। এমন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানতে চাইলে পেশাদার ক্রিকেটারের মতোই জয়াবর্ধনের উত্তর, “আমরা কারো পক্ষ নিয়ে খেলবো না। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩২ঘ.
bdnews24