ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শতরান করাকে অভ্যাসে পরিণত করে ফেলা ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। ৩২৯ রান করেও হারের পর বলেছেন, কোহলির জবাব জানা ছিল না তাদের।
ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, “৩২৯ যে কোনো মাঠে যে কোনো উইকেটে বড় রান। কিন্তু কোহলির ব্যাটিং তাণ্ডবে বেশ সহজেই জিতে গেছে ভারত।”
“এটা আমার দেখা অন্যতম সেরা ইনিংস। আমাদের কোনো বোলারকে কোনো সুযোগ দেন নি তিনি। এমনকি সাঈদ আজমলকেও খুব সহজে খেলেছেন,” যোগ করেন তিনি।
রানের খাতা খুলার আগেই গৌতম গম্ভীরকে হারালেও শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার সঙ্গে কোহলির দুটি বড় জুটির কারণে পাকিস্তানের কোনো পরিকল্পনাই কাজে আসেনি বলে জানান মিসবাহ।
তিনি বলেন, “কী করে তাকে থামাতে যাবে, তা ভেবেই পাচ্ছিলাম না। আসলে এমন একটা ইনিংসের কোনো জবাব আমাদের জানা ছিল না।”
কোহলির সঙ্গে নিজ দলে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদেরও প্রশংসা করেছেন মিসবাহ। দুজনের শতকের সুবাদেই পাকিস্তানের সংগ্রহ তিনশ পেরোয় বলে মনে করছেন তিনি।
চার ম্যাচের মধ্যে তিন শতক তুলে নেয়া কোহলি মাঠে যতটা আক্রমণাত্মক সংবাদ সম্মেলনে ঠিক ততটাই শান্ত। এশিয়া কাপে এটি তার দ্বিতীয় শতক।
“শের-ই-বাংলা স্টেডিয়াম আমার খুব প্রিয় একটি মাঠ। এখানে দ্বিতীয় ইনিংসে বল খুব সহজে ব্যাটে আসে। আমার খেলতে কোনো সমস্যা হয়নি,” নিজের ব্যাটিং সম্পর্কে বলেন কোহলি।
লক্ষ্য তাড়া করতে নেমে নিজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমি চেষ্টা করেছি উইকেটে টিকে থেকে রান করে দলকে এগিয়ে নিতে।”
“দ্বিতীয় বলেই উইকেট হারানোয় প্রথম দিকে লক্ষ্য ছিল উইকেট ধরে রাখা। সে সময় আমারা পরিকল্পনা অনুযায়ীই খেলতে পেরেছি,” যোগ করেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে খেলার সময় øায়ুচাপ থাকেই। সেই চাপ কাটিয়ে শতক এবং জয় পাওয়ায় ভীষণ খুশি কোহলি।
দ্বিশতক করে শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের পাশে দাঁড়ানোর কথা ভেবেছিলেন না কী না জানতে চাইলে কোহলি বলেন, “আমি বল অনুযায়ী খেলা চেষ্টা করেছি। দ্বিশতকের কোনো চিন্তা মাথায় আসেনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫১ ঘ.
bdnews24