ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেসার শফিউল ইসলামের চোটের কারণে এশিয়া কাপের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন আবুল হোসেন রাজু। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই ডানহাতি পেসার নিজেকে প্রমাণের সুযোগের অপেক্ষায় আছেন।
অপেক্ষমান তালিকায় থাকা রাজুকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের ম্যানেজার জাহিদ রাজ্জাক মাসুম।
জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়ে উচ্ছ্বসিত রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার স্বপ্ন পূরণ করেছি। শফিউল ভাইয়ের চোটের কারণে দলে এসেছি। খেলার সুযোগ পেলে চেষ্টা করবো তার অভাব পূরণ করতে।”
“ঢাকা লিগে দুই বছর ধরে আবাহনীর হয়ে খেলেছি। তাই বড় ম্যাচে খেলার চাপ কাটিয়ে ওঠার সামর্থ্য আমার রয়েছে,” যোগ করেন তিনি।
লিগ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৫২ ঘ.
bdnews24