২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বাঁচা-মরার লড়াই

বাংলাদেশের সঙ্গে হারার পর রোববার পাকিস্তানের সঙ্গে হারলেই এশিয়া কাপ প্রায় শেষ হয়ে যাবে বিশ্ব চ্যাম্পিয়নদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের পঞ্চম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে ভারতকে। অন্যদিকে পাকিস্তানের সামনে টানা তিন ম্যাচ জিতে সবার ওপরে থেকে ফাইনালে খেলার সুযোগ। এশিয়া কাপে এর আগে ৯ বার মুখোমুখি হয়েছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ৯টি লড়াইয়ে দু দলেরই জয় ৪টি করে। অন্য ম্যাচটি পরিত্যক্ত। ওয়ানডেতে সব মিলিয়ে ১২০ বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় ৬৯, ভারতের ৪৭। বাকি ৪ ম্যাচে ফল আসেনি। ২ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে ফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে পাকিস্তান। পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের অবশ্য ধারণা, এরই মধ্যে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে তাদের। তাই ভারতের বিপক্ষে অনেকটা নির্ভার হয়ে নামার কথাও শনিবার সংবাদ সম্মেলনে জানালেন তিনি। যে পর্যায়ে বা যেখানেই ভারত-পাকিস্তানের খেলা হোক না কেন, দু দলের খেলোয়াড়দের øায়ুর চাপে ভোগার কথা। এবার সেই চাপ থেকে পাকিস্তান কিছুটা মুক্ত থাকবে বলে মনে করেন হাফিজ। তিনি বলেন, “ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় আমাদের ওপরে চাপ অনেকটা কম। তুলনামূলকভাবে ভারত অনেক বেশি চাপের মধ্যে থাকবে।” তবে হাফিজ জানালেন, ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নিতে রাজি নয় পাকিস্তান। বিশ্বকাপ সেমিফাইনালে হারের প্রতিশোধ হিসেবেও রোববারের ম্যাচটিকে দেখছে না তারা। যদিও গত বছরের মার্চে মোহালিতে ভারতের কাছে ঐ হারের দুঃখ এশিয়া কাপ জিতেই ভুলতে চান বলে জানিয়েছেন হাফিজ। ভারতের বোলিং আক্রমণকে দুর্বল বলে মানতে নারাজ হাফিজ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের পুরো কৃতিত্ব বাংলাদেশকেই দিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তিনি বলেন, “এক ম্যাচ দেখে কোনো দলের বোলিং আক্রমণ নিয়ে মন্তব্য করা ঠিক নয়। ভারতের বিপক্ষে শুরু থেকেই আমরা আক্রমণাত্মক ব্যাটিং করতে চাই। আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারলে ওদের চাপের মধ্যে রাখা যাবে।” বোলিং আক্রমণকে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি মনে করলেও ব্যাটসম্যানরা রানে ফেরায় দলের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথাও জানালেন হাফিজ। তিনি বলেন, “প্রথম ম্যাচে আমাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রান পেয়েছেন। পরের ম্যাচে মাঝের সারির ব্যাটসম্যানরাও রান করেছেন। ব্যাটসম্যানরা রানে ফেরায় আমরা এখন দারুণ আত্মবিশ্বাসী।” ফাইনালের সমীকরণ এখন পর্যন্ত টুর্নামেন্টের চারটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে দুটোতেই জিতেছে পাকিস্তান। বোনাস পয়েন্টসহ তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। একটি করে জয় পাওয়া বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৪। দুই ম্যাচেই হেরে যাওয়া শ্রীলঙ্কার শূন্য পয়েন্ট। শুক্রবার ভারতকে হারিয়ে এশিয়া কাপ জমিয়ে দিয়েছে বাংলাদেশ। চার দলের প্রত্যেকের সামনেই এখনও পর্যন্ত ফাইনালে খেলার সুযোগ রয়েছে। বোনাস পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এক ধাপ এগিয়ে আছে পাকিস্তান। তবে বাংলাদেশ ও ভারত নিজের ম্যাচ বোনাস পয়েন্ট নিয়ে জিতলে রান রেটের মারপ্যাঁচে এমনকি পাকিস্তানও বাদ পড়ে যেতে পারে। রোববার ভারত জিতলে ফাইনালের আশা শেষ হয়ে যাবে শ্রীলঙ্কার। তখন মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতেই হবে বাংলাদেশকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৩ঘ.