২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রশংসায় টেন্ডুলকার

শততম শতকে পৌঁছানোর দিনটিতে হারের তিক্ত স্বাদ নেওয়ার পরও বাংলাদেশের প্রশংসা করেছেন শচীন টেন্ডুলকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 06:41 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শততম শতকে পৌঁছানোর দিনটিতে হারের তিক্ত স্বাদ নেওয়ার পরও বাংলাদেশের প্রশংসা করেছেন শচীন টেন্ডুলকার। শুক্রবার খেলা শেষে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টেন্ডুলকার বলেন, “বাংলাদেশ খুব ভালো একটি দল। আজ তারা খুব ভালো করেছে। কেউ কেউ সমালোচনা করে বলেন, তারা জানে না কী করে ক্রিকেট খেলতে হয়। আমার মনে হয় না, তারা সঠিক বলে।” পাকিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশ লড়াই করেছিল, বলেন তিনি। এশিয়া কাপের খেলায় ভারতকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ দিন শচীন টেন্ডুলকার টেস্ট ও একদিনের খেলা মিলিয়ে শততম শতক অর্জন করেন। ভারত বড় স্কোর গড়লেও বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে হার মানতে হয়েছে বলে মনে করেন টেন্ডুলকার। তিনি বলেন, “আমরা স্কোর বোর্ডে বেশ বড় রানই জড়ো করেছিলাম। যে কোনো উইকেটে এটি বড় রান। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথম থেকেই ইতিবাচকভাবে লক্ষ্য তাড়া করেছে।” “শেষ ৩ ওভারে জয়ের জন্য ৩৩ রান প্রয়োজন ছিল। তখন পর্যন্ত আমরা খেলাতেই ছিলাম। কিন্তু সে সময় প্রচুর শট খেলে ম্যাচটিকে তারা বের করে নেয়,” যোগ করেন টেন্ডুলকার। পুরো দলের প্রশংসা করলেও আলাদা করে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের কথা বলেছেন টেন্ডুলকার। স্বাগতিক দলের অধিনায়ক মুশফিকুর রহিম আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, টুর্নামেন্টের অন্য দুই দলের তুলনায় ভারতের বোলিং দুর্বল। ২৮৯ রান করেও জিততে না পারায় সে কথাই কি প্রমাণ করল- জানতে চাওয়া হলে টেন্ডুলকার বলেন, “ভারতের বোলিং আক্রমণ মোটেও খারাপ নয়। আজ তাদের একটি বাজে দিন কেটেছে। ক্রিকেটে এমন হতেই পারে। তা না হলে দক্ষিণ অফ্রিকার বিপক্ষে ৪৩৪ করেও তো অস্ট্রেলিয়ার হারার কথা নয়।” পাকিস্তানের বিপক্ষে রোববারের খেলাটি ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে স্বীকার করেন টেন্ডুলকার। তিনি বলেন, “ফাইনালে খেলার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। সেই ১৯৮৯ সালে অভিষেকের সময় থেকেই পাকিস্তানের বিপক্ষে খেলা খুব চ্যালেঞ্জের।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/০০৪০ ঘ.